মৃত বেড়ে ৬৮২, এখনও নিখোঁজ প্রায় ৩ হাজার, উদ্ধার ১০৮ ভারতীয়
ভয়াবহ হড়পা বানের পর এখনও বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা বেড়ে নেপালে ৬৭৫-এ পৌঁছেছে। তিব্বতে আরও সাত জনের মৃত্যুর খবর মিলেছে। ফলে নেপাল-তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮২। একই সঙ্গে প্রায় ৩,০০০ মানুষ এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে বিদেশি পর্যটক এবং জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরাও রয়েছেন।
এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে জোর দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, এখনও পর্যন্ত ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে প্রায় ৫০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে এখনও ২৭৫ জন ভারতীয় এবং ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিখোঁজ।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং বেজিংয়ে ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। উদ্ধার হওয়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে। কৈলাস-মানসরোবর যাত্রা থেকে নেপাল হয়ে দেশে ফিরতে চাওয়া ভারতীয়দেরও সাহায্য করছে কেন্দ্র।