আদালতের নির্দেশ ভেঙে রাস্তা আটকে সভা! মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ শুভেন্দুর
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে ফের রাজ্য-রাজনীতিতে চরমে উঠল রাজনৈতিক পারদ। কলকাতা হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘন করে রাস্তা অবরুদ্ধ করার…
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে ফের রাজ্য-রাজনীতিতে চরমে উঠল রাজনৈতিক পারদ। কলকাতা হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘন করে রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি এফআইআর (FIR) দায়েরের নির্দেশ দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু এফআইআর দায়েরই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়ারও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে সভা ছিল কালীঘাট তৃণমূলের। সেই সভায় উপস্থিত ছিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভার জন্য হাইকোর্ট বেশ কয়েকটি কড়া শর্ত বেঁধে দিয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল যান চলাচলের জন্য রাস্তার একদিক খোলা রাখা। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেই নির্দেশকে তোয়াক্কাই করা হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন উনি। গাছের নীচে থাকা লোকদের ডেকে এনে রাস্তা বন্ধ করে দিলেন। আমি এফআইআর করার নির্দেশ দিয়েছি। ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করার কথাও বলেছি।”
কী নির্দেশ ছিল হাইকোর্টের?
এবারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল রানি রাসমণি রোডে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্ট উভয় তরফকেই সভার অনুমতি দেয়, তবে বেশ কিছু কড়া শর্তে।
আদালতের নির্দেশ ছিল, কোনও সভাতেই ১,৫০০ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল, যানজট এড়াতে ক্যাথিড্রাল রোড ও রানি রাসমণি রোডের একটি করে দিক সম্পূর্ণ খোলা রাখতে হবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ক্যাথিড্রাল রোডের সেই শর্ত প্রকাশ্যেই লঙ্ঘিত হয়েছে। একদা সতীর্থ থেকে বর্তমানে চরম রাজনৈতিক প্রতিপক্ষ, শুভেন্দু বনাম মমতার এই সংঘাত এবার আইনি পথে ঠিক কোন মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা