‘মার্ডার মার দে…’, আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার আগে এই গান শুনছিলেন অঙ্কিত?
অঙ্কিতের মৃত্যুর ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায়। শামলিতে জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোচ্ছিলেন তিনি। সেই সময় মোটরবাইকে আসা কয়েকজন বন্দুকবাজ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলাকারীরা দু’টি বাইকে এসেছিল। অল্প সময়ের মধ্যেই একের পর এক গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১৬ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হামলায় গুরুতর জখম হন অঙ্কিত। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।