Malda Medical College: রোগীর পাশে ইঁদুর ধরার কল, মালদহ মেডিক্যালের হাল দেখে সরব BJP নেত্রী | Malda Medical College Rat Menace: Patients Bitten, Rat Traps Placed Beside Beds - 24 Ghanta Bangla News
Home

Malda Medical College: রোগীর পাশে ইঁদুর ধরার কল, মালদহ মেডিক্যালের হাল দেখে সরব BJP নেত্রী | Malda Medical College Rat Menace: Patients Bitten, Rat Traps Placed Beside Beds

Spread the love

কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?Image Credit: TV9 Bangla

মালদহ: ইঁদুরের উৎপাতে জর্জরিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ রোগীদের শরীরে কামড় দিচ্ছে ইঁদুর। আর তাই ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। ঝাঁ চকচকে অত্যাধুনিক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাতের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এমন দৃশ্যে হাসপাতালের ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী শনিবার হাসপাতাল পরিদর্শন করেন। এবং এই অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন।

এদিন হাসপাতাল ঘুরে দেখেন শ্রীরূপা মিত্র চৌধুরী। রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের ভেতরে দেখা যায়, ইঁদুর ধরার কল। নোংরা ভর্তি। মোবাইলে সেই ছবি তোলেন প্রাক্তন বিধায়ক। হাসপাতালের অব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “ইঁদুর ধরার যন্ত্র আছে মানে মালদহ মেডিক্যাল হাসপাতালে ইঁদুর রয়েছে। শুধু ইঁদুর নয়, চারিদিক নোংরা। ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ। সরকার বদল হয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের মনোভাবের পরিবর্তন ঘটেনি। তাই এমন পরিস্থিতি। আমাদের সত্য কথা তুলে ধরতে কোনও আপত্তি নেই। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। আমরা কথা দিচ্ছি, মালদহ মেডিক্যাল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি তুলে ধরবেন বলে তিনি জানান।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে নেন। রোগীদের যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য ইঁদুর ধরার কল বসানো হয়েছে জানিয়ে তাঁর সংযোজন, “ইঁদুরের উৎপাত রয়েছে। ইঁদুর ধরতে আমরা মেশিনও রেখেছি। কিন্তু, ওরা ফলস সিলিংয়ে উঠে যাচ্ছে। ফলে ধরতে কিছু সমস্যা হচ্ছে।” বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা নিয়ে তিনি বলেন, “পাইপলাইনের সমস্যার জন্য হাসপাতালে জল জমছে।” 

ইঁদুরের উৎপাতে সবচেয়ে সমস্যায় পড়েছেন রোগীরা। রাতে ভয়ে ঠিকমতো ঘুমোতে পারেন না তাঁরা। যখন তখন বিছানায় উঠে পড়ে ইঁদুর। এক রোগীর আত্মীয় বলেন, “রাতে ইঁদুর আসে। রোগীর বিছানায় উঠে যায়। মশারির তলায় ঢুকে যায়।” কীভাবে এই সমস্যার চিরস্থায়ী সমাধান হবে, সেটাই এখন প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *