সরকারি খাসজমিতে নির্মাণ! অন্তর্বর্তী স্থগিতাদেশ কোর্টের
এই সময়: সরকারি খাসজমিতে চারতলা বিল্ডিং নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে চারতলা বাড়িটির নির্মাণ যে সরকারি মালিকানাধীন জমির উপরে হয়েছে, প্রাথমিক ভাবে তা স্পষ্ট বলেই মামলার শুনানিতে পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের।
মামলাকারীর আইনজীবী কল্লোল বসুর অভিযোগ, দুর্গাপুর পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ এলাকায় ৭২৩ ও ৭২৫ নম্বর প্লটে যথাক্রমে প্রায় ৪০ ও ৫৪ ডেসিমেল জমিতে নির্মাণকাজ হয়েছে।
তাঁর দাবি, ৭২৫ নম্বর প্লটটি রাজ্যের হাতে ন্যস্ত জমি হওয়ায় সেখানে কোনও নির্মাণকাজ করা যায় না। সংশ্লিষ্ট তদন্ত রিপোর্ট মামলাকারীকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অন্য দিকে, বেসরকারি পক্ষের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়েই নির্মাণকাজ করা হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়, ৭২৫ নম্বর প্লটের দীর্ঘমেয়াদি বন্দোবস্তের জন্যে আবেদন করা হলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ, তার আগেই নির্মাণকাজ করা হয়েছে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের।
নথিপত্র ও বক্তব্য খতিয়ে দেখে আদালতের বক্তব্য, চারতলা ভবনটি ৭২৩ ও ৭২৫ নম্বর প্লটের উপরে নির্মিত এবং ৭২৫ নম্বর জমিটি রাজ্যের হাতে রয়েছে। সেই কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলাকারীর প্রার্থনা অনুযায়ী অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখে আদালত। জমিটির দীর্ঘমেয়াদি বন্দোবস্তের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যকে আপাতত বিরত থাকতেও বলা হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর রাজ্যকে ওই জমি নিয়ে যাবতীয় নথি এবং বিল্ডিং সংক্রান্ত কোনও অনুমোদন থাকলে, তার নথিও দিতে হবে আদালতে।