সঙ্কট মোকাবিলা, দেশেই এলপিজি উৎপাদনে ‘জোর’
ইরান যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপ করেছে সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে মোট ৩.৩২ কোটি টন এলপিজি খরচ হয়েছে, অর্থাৎ দিনে প্রায় ৯১ হাজার টন। অথচ দেশের শোধনাগার ও উৎপাদনকারী সংস্থাগুলি মিলিয়ে ওই বছরে দেশে মোট ১.৩১ কোটি টন বা দৈনিক প্রায় ৩৫,৯০০ টন এলপিজি উৎপাদন হয়েছে। বাকি ২,১৩ কোটি টন, অর্থাৎ দৈনিক প্রায় ৫৮,৪০০ টন এলপিজি বিদেশ থেকে এসেছে। ফলে মোট চাহিদার ৬৪ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে মেটাতে হয় ভারতকে। ইরান-সহ পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে হরমুজ় প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় যা ঝুঁকির মুখে পড়ে। সৌদি আরব-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে আসা এলপিজির প্রায় ৯০ শতাংশই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে আসে।