২০ মিনিটে ৭টি বিস্ফোরণ, দুবাইয়ে অগ্নিকাণ্ড, মিসাইল হামলা না দুর্ঘটনা?
একের পর এক বিস্ফোরণ। তার পরেই দেখা গেল ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠছে। সেই কালো ধোঁয়াতেই ঢেকে গিয়েছে গোটা এলাকা। বুধবার ভোরে দুবাইয়ের জেবেল আলি (Jebel Ali) শিল্পাঞ্চল ও বন্দর এলাকার এই ছবি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুবাইয়ে একের পর এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। এ দিন ভোরে দুবাইয়ের জেবেল আলি (Jebel Ali) শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
কেন বিস্ফোরণ?
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় জেবেল আলি বন্দরে বিস্ফোরণ ঘটেছে। তবে UAE কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হামলার কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। সরকারি সূত্রে খবর, জেবেল আলি এলাকায় কেন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পরে জেবেল আলি বন্দরের লাগোয়া একটি গুদামে আগুন ধরে যায়। নাসার স্যাটেলাইট থার্মাল ইমেজেও ওই এলাকায় আগুন দেখা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই গুদাম জ্বালানি স্থানান্তরের কাজে ব্যবহৃত হত।
স্থানীয় প্রশাসন ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে আটক করেছে বলেও খবর। তবে বিস্ফোরণে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বহুবার মিসাইল ও ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে। গত কয়েকমাসে বহুবার সংযুক্ত আরব আমিরশাহি একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় হাইঅ্যালার্ট জারি করেছে। ফলে দুবাইয়ের এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োর সত্যতা নিয়ে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। অতীতেও ইরান-সংক্রান্ত সংঘাতের সময় পুরোনো বা কৃত্রিমভাবে তৈরি (AI-generated) ভিডিয়ো নতুন ঘটনা বলে উল্লেখ করে ছড়িয়ে দেওয়ার নজির রয়েছে।