ভয়াবহ ধস উখড়ায়, ৭০টি বাড়ি প্রশ্নের মুখে - 24 Ghanta Bangla News
Home

ভয়াবহ ধস উখড়ায়, ৭০টি বাড়ি প্রশ্নের মুখে

Spread the love

এই সময়, দুর্গাপুর: বিকট শব্দ। হুড়মুড়িয়ে ঘরের দেওয়াল-মেঝেতে ধরল চওড়া ফাটল! মঙ্গলবার দুপুরে ধসের এমনই ঘটনায় আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখড়া নীলকণ্ঠ ধোবাপাড়ায়। প্রায় ৭০টি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণভয়ে এক পোশাকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ দ্রুত শুরু হয়েছে। অন্ডাল থানা ও উখড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ‘বিপজ্জনক’ লেখা ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। এ দিন দুপুরে তখন কেউ খেতে বসেছিলেন, কেউ স্নান করছিলেন, আবার অনেকে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা কাকুলি বাগদি বলেন, ‘খেতে বসেছিলাম। হঠাৎ বিকট আওয়াজ। দেখি ঘরের মেঝে ও দেওয়ালে ফাটল ধরেছে। দেওয়াল কাঁপছে। হুড়মুড়িয়ে ঘরটা পড়ে যাবে বলে মনে হচ্ছিল। ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসি।’

ধস কবলিত এলাকাটি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বলে জানা গিয়েছে। অভিযোগ, বাসিন্দারা দীর্ঘদিন বেআইনি ভাবে থাকছিলেন। পাল্টা বাসিন্দাদের দাবি, ইসিএল এলাকাটিকে কখনও বিপজ্জনক ঘোষণা করেনি। তাঁদের অন্যত্র সরে যাওয়ার নোটিস দেয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *