Court Case: সাংবাদিক পেটানোয় ধৃতদের খালি পায়ে হাঁটানো হল কেন? এজলাসে কারণটা বলে দিলেন আইনজীবী | Police arrest 14 people for harassing journalist kolkata and hearing in court case
গ্রেফতার হওয়া অভিযুক্ত
Image Credit: Tv9 Bangla
কলকাতা: শুক্রবার ধর্মতলায় (Dharmatala) নিট নিয়ে আন্দোলনের প্রতিবাদে পথে নামেন বিক্ষোভকারীরা। সেখানে প্রতিটি হাউসের সাংবাদিকদের হেনস্থার অভিযোগ ওঠে। মারধর-শ্লীলতাহানি করা হয়। ঘটনায় গ্রেফতার মোট ১৬ জন। সোমবার ধৃতদের খালি পায়ে হাঁটানো হয়। তারপর তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে সরকারি আইনজীবী জানান কেন খালি পায়ে হাঁটানো হচ্ছে।
সোমবার শুনানি চলছিল আদালতের ভিতরে। সেই সময় অভিযুক্তদের তরফে আইনজীবী সওয়াল করেন, অভিযুক্তদের খালি পায়ে ঘোরানো হচ্ছে রাস্তায়। এমনটা করা যায় কি না সন্দেহ প্রকাশ করেন। পাল্টা আদালতে সরকারি আইনজীবীর সওয়াল, খালি পায়ে ঘোরানো হচ্ছে কারণ,ধৃতরা সাংবাদিকদের বিক্ষোভের নামে জুতো ছুড়ে মেরেছিল। যে সংগঠনের তরফে বিক্ষোভ ছিল তাঁদের সদস্য অভিযুক্তরা ছিল না। এই দু’জনকে ৯ তারিখ পর্যন্ত হেফাজতে চাওয়া হয়েছে।
এখানে উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত শুক্রবার বাম ছাত্র-সংগঠন মিছিল করেছিল। অভিযোগ, মিছিলের মাঝেই হঠাৎ উড়ে আসে এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি,জুতো। আক্রান্ত হন পুলিশ কর্মী। গুরুতর জখম হন বহু সাংবাদিক। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত টিভি-৯ বাংলাও। গুরুতরভাবে জখম চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত ও মাখন পাত্র। আক্রান্ত হয়েছেন সাংবাদিক সুমন মহাপাত্রও। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। একইসঙ্গে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন তিনি। এরপরই এক-এক করে গ্রেফতার করা হয় ষোলোজনকে। সেই ঘটনাতেই ধৃতদের আজ তোলা হয় আদালতে। ঘটনার পুনর্নিমাণও করা হয়। তখনই খালি পায়ে হাঁটানো হয় তাঁদের।