Firhad Hakim: 'ম্যাডাম যেভাবে দৌড়াচ্ছেন, তাতে উনি সফল হবেন', কাকে বললেন ফিরহাদ? | Former Minister Firhad Hakim Praises Agnimitra Paul in West Bengal Assembly, Says 'She Will Succeed' - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: ‘ম্যাডাম যেভাবে দৌড়াচ্ছেন, তাতে উনি সফল হবেন’, কাকে বললেন ফিরহাদ? | Former Minister Firhad Hakim Praises Agnimitra Paul in West Bengal Assembly, Says ‘She Will Succeed’

Spread the love

বিধানসভায় কী বললেন ফিরহাদ হাকিম?Image Credit: TV9 Bangla

কলকাতা: তিনি রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। কলকাতা পৌরনিগমের মেয়রও ছিলেন। সেই ফিরহাদ হাকিম এবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে ফিরহাদ বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।”

কী বললেন ফিরহাদ?

তাঁরা অনেক ভুল করেছেন স্বীকার করে এদিন বিধানসভায় ফিরহাদ বলেন, “১৫ বছরে আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে। কিন্তু, ১৫ বছরে কিছু করিনি, কোনও উন্নয়ন হয়নি, একথা ঠিক নয়। আবার এমন একটা সময় আসবে, যখন আপনারাও চলে যাবেন, তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে।” বিজেপি বিধায়করা তাঁর এই মন্তব্য শুনে হইচই শুরু করতেই ফিরহাদ বলেন, “৯৯ বছর হোক, ২০০ বছর হোক, ৫০০ বছর হোক, এক সময় তো আসবে। এটা ন্যাচারাল। কাউকে সমালোচনা করছি না। এটা হয়। আমরাও যখন এসেছিলাম, ভেবেছিলাম ৫০ বছর থাকব।” তারপর বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী সরব হতেই ফিরহাদ বলেন, “সমালোচনা করছি না তো। আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি। আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন।”

পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা। মন্ত্রীর প্রশংসা করে ফিরহাদ বলেন, “আমি সবথেকে আগে যেটা বলব, উনি নগরোন্নয়নের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন দিনরাত, যেভাবে সব জায়গায় যাচ্ছেন, যেভাবে সমস্যাগুলোর মোকাবিলা করছেন, এটা হয়তো আমিও কোনও দিন করিনি।” এরপরই তিনি বলেন, “নগরোন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। ফলে সব করে ফেলেছি, এটা কেউ বলতে পারবে না। ম্যাডামও (মন্ত্রী) আরও ৫ বছর কিংবা অনেক বছর কাজ করার পরও বলতে পারবেন না, আমরা সব করে ফেলেছি। কারণ, রোজ মানুষের নতুন সমস্যা আসে, তার সমাধান করতে হয়।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রার প্রশংসা করে কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ বলেন, “আমার এই শহর যদি অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভালো হয়, তাহলে আমারও তো গর্ব হবে। আমি তো এই শহরের বাসিন্দা। যে কাজটা সত্যি সত্যি আমি করতে পারিনি, সেই কাজটা যদি উনি করেন, আমি তার জন্যও গর্বিত হব।”

প্রাক্তন মন্ত্রী হিসেবে কিছু পরামর্শ দিতে চান জানিয়ে ফিরহাদ বলেন, “জলাভূমি বোজানো পুলিশের সাহায্যে বন্ধ করা উচিত। পুরানো নির্মাণের ভাঙা অংশ জলাভূমিতে ফেলে বোজানো হচ্ছে। আমিও অনেক চেষ্টা করছি। নিশ্চিতভাবে উনি যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, উনি সফল হবেন।”

ফিরহাদের পর পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় জবাবি ভাষণে অগ্নিমিত্রা পাল বলেন, “প্রাক্তন মন্ত্রী স্বীকার করেছেন আমি সব জায়গায় যাচ্ছি। কিন্তু যেখানেই যাচ্ছি, সেখানেই বলছে জলের সমস্যা। ১৫ বছর ক্ষমতায় থাকার পরও কেন আপনারা নিকাশি নিয়ে নির্দিষ্ট নীতি নেননি? ৫০০০ কোটি টাকা খরচ করেছেন বলছেন। কিন্তু আগের মন্ত্রীকে জিজ্ঞেস করছি, সেই টাকা কোথায় গেল?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *