West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরব সাগরে নিম্নচাপ! জোড়া ফলায় বাংলার ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা | Cyclonic circulation in the Bay of Bengal, low pressure area in the Arabian Sea! Heavy rain warning for 11 districts
কলকাতা: সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। এদিন রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি কমবে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত। বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলাতে। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা। রবিবার এবং সোমবার কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আপাতত নিচের দিকে জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।