সরকারের ঠিকাদারই তারেকের প্রতিমন্ত্রী? ফের শিরোনামে মীর শাহে আলম
এই সময়, ঢাকা: ফের খবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কিছুদিন আগে বগুড়ার শিবগঞ্জে নিজের দুই সন্তান ও নিজের বংশের নামে ৩টি ইউনিয়নের (পঞ্চায়েত) নামকরণের পরে নিজের নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব করে সমালোচনার মুখে পড়েছিলেন এই প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সে সব বন্ধ হয়। এ বার অভিযোগ উঠেছে, উনি মন্ত্রকের চেয়ারে বসেই নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান-সহ সরকারের খাদ্য ও শিল্প মন্ত্রকের সঙ্গে ঠিকাদারির ব্যবসা করছেন। প্রতিমন্ত্রী হওয়ার পরে প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন বলে অভিযোগ। প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকেও মীর শাহে আলম কী ভাবে সরকারের সঙ্গেই ব্যবসা করছেন, তা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরে ‘চ্যানেল ওয়ান’ টেলিভিশনের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে সাইবার হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন চ্যানেলটির এডিটর ইন চিফ। এর আগে নিজের ও সন্তানের নামে ৩টি ইউনিয়ন ও স্কুলের নামকরণ করা নিয়ে খবর ছাপায় বগুড়ার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকেও গ্রেপ্তার করিয়ে জেলে রেখেছিলেন কিছু দিন।