ব্রাজিলকে হারিয়ে গোথিয়া কাপ জিতল মিনার্ভা, ইতিহাস গড়ল ভারতীয় খুদেরা - 24 Ghanta Bangla News
Home

ব্রাজিলকে হারিয়ে গোথিয়া কাপ জিতল মিনার্ভা, ইতিহাস গড়ল ভারতীয় খুদেরা

Spread the love

ফিনল্যান্ড থেকে সুইডেন ইউরোপের মাটিতে সগর্বে উড়ছে ভারতের তেরঙ্গা! অল্প সময়ের ব্যবধানে ইউরোপের জোড়া মেগা টুর্নামেন্ট (Gothia Cup) জিতে ভারতীয় ফুটবলের এক নতুন সূর্যোদয়ের সাক্ষী…

ফিনল্যান্ড থেকে সুইডেন ইউরোপের মাটিতে সগর্বে উড়ছে ভারতের তেরঙ্গা! অল্প সময়ের ব্যবধানে ইউরোপের জোড়া মেগা টুর্নামেন্ট (Gothia Cup) জিতে ভারতীয় ফুটবলের এক নতুন সূর্যোদয়ের সাক্ষী রাখল চণ্ডীগড়ের মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব-১২ দল। দিনকয়েক আগেই ফিনল্যান্ডের হেলসিঙ্কি কাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিল তারা। আর এবার সুইডেনের মাটিতে ব্রাজিলের শক্তিশালী ক্লাব আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে যুব ফুটবলের অন্যতম সম্মানজনক টুর্নামেন্ট ‘গোথিয়া কাপ’ চ্যাম্পিয়ন হল মিনার্ভার খুদেরা।

সুইডেনে আয়োজিত হাইভোল্টেজ ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মিনার্ভা। বল গড়ানোর মাত্র ১০ মিনিটের মাথাতেই কিপগেন থাংসাংলেনের অনবদ্য গোলে লিড নেয় ভারতীয় দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর নিজেদের স্বভাবসিদ্ধ পাসিং ফুটবলে সমতা ফেরায় ব্রাজিলের ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৪৯ মিনিটে মেখামখরাও নংরেমের নেওয়া একটি বিশ্বমানের ফ্রিকিক সরাসরি আছড়ে পড়ে ব্রাজিলের জালে। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মিনার্ভার রক্ষণভাগের যে নিশ্ছিদ্র বজ্রআঁটুনি দেখা যায়, তা ভেদ করে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি আরএস স্পোর্টসের পক্ষে।

আরও পড়ুন: নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন

গোটা টুর্নামেন্ট জুড়ে মিনার্ভা অ্যাকাডেমির গোল করার পরিসংখ্যান রীতিমতো বিস্ময়কর। গোটা প্রতিযোগিতায় বিপক্ষ দলগুলিকে কার্যত নিয়ে ছেলেখেলা করেছে তারা। গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রেপ স্কুলস পুমাস ব্লুকে ১২-০, নরওয়ের লিলেস্ট্রম এসকে৩কে ১৩-১ এবং আয়োজক সুইডেনের সুরতে আইএস এফকেকে ১৬-০ গোলে চূর্ণ করে মিনার্ভা। নকআউট পর্বেও জারি থাকে সেই ধ্বংসলীলা। কেনিয়ার লিগ্যাসি অ্যাকাডেমিকে ৬-২, ইংল্যান্ডের প্রেপ স্কুলস লায়ন্সকে ১০-১, ফ্রান্সের ওএফসি কুরোনেসকে ১৭-১ এবং বলিভিয়ার ক্যানচেরিতোস এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দেয় ভারতীয় খুদেরা। এরপর সেমিফাইনালে ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিয়েভের বিরুদ্ধে ৩-২ গোলের হাড্ডাহাড্ডি জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠে তারা।

আরও পড়ুন:  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

২০২৩ সালে প্রথম ভারতীয় দল হিসেবে গোথিয়া কাপ জিতে ইতিহাস তৈরি করেছিল মিনার্ভা। গত বছর ফাইনালে আর্জেন্টিনার সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এবার সুইডেনে পা রেখেছিল তারা। প্রত্যাশার প্রবল চাপ থাকলেও, ইউরোপীয় মাটিতে সেই চাপ অনায়াসেই সামলে নিল মিনার্ভার ভবিষ্যৎ তারকারা। গতবার আর্জেন্টিনার ক্লাবকে মাটি ধরানোর পর এবার ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ট্রফি জয়, মিনার্ভা অ্যাকাডেমি যেন ভারতীয় ফুটবলের এক নতুন জাগরণের অমোঘ বার্তা দিয়ে গেল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *