আতালান্তার তরুণ স্ট্রাইকার রাহুল শর্মার নজর এবার ভারতের জাতীয় দলে
ইতালির সিরি-এ ক্লাব আতালান্তার যুব দলে খেলা ১৯ বছরের রাহুল শর্মা ভারতের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রশাসনিক ছাড়পত্র মিললে বড় সাফল্য হতে পারে ভারতীয় ফুটবলের।
বাবান আদক, কলকাতা ডেস্ক: ভারতীয় ফুটবলের দিগন্তে এবার নতুন আশার আলো। ইতালির বিখ্যাত ‘সিরি-এ’ক্লাব আতালান্তার যুব দলে খেলা ১৯ বছর বয়সি স্ট্রাইকার রাহুল শর্মা (Rahul Sharma) এবার ভারতের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করলেন। ইতালিতে জন্ম ও বেড়ে ওঠা হলেও, এই তরুণ স্ট্রাইকারের শিকড় রয়েছে ভারতের চণ্ডীগড়ে। পারিবারিক এই যোগসূত্র মেনেই ব্লু-টাইগার্সদের হয়ে খেলার স্বপ্ন বুনছেন রাহুল।
কৌশলগত দিক থেকে বিচার করলে, ইতালীয় ফুটবলের ট্যাকটিক্যাল ঘেরাটোপে তৈরি হয়েছেন রাহুল। আতালান্তার মতো প্রথম সারির ইতালিয়ান ক্লাবের যুব অ্যাকাডেমিতে কাটানো সময় তাঁর বল কন্ট্রোল, পজিশনিং এবং ট্যাকটিক্যাল গেম রিডিংকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ভারতীয় দল এই মুহূর্তে এমন একজন স্ট্রাইকারের সন্ধানে রয়েছে, যিনি শারীরিক সক্ষমতার পাশাপাশি ইউরোপীয় ঘরানা আমদানি করতে পারবেন।
১৯ বছর বয়সি এই তরুণ ফরোয়ার্ডের ইউরোপের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এক দারুণ বিকল্প হতে পারেন।
ভারতীয় ফুটবলে প্রবাসী ভারতীয় বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডহোল্ডারদের জাতীয় দলে খেলানোর আইনি জটিলতা দীর্ঘদিনের। ঠিক এই প্রেক্ষাপটে রাহুলের মতো ইউরোপীয় ফুটবলের মূলস্রোতে বেড়ে ওঠা এক প্রতিভার এই ঘোষণা নতুন করে আলোড়ন ফেলেছে। চণ্ডীগড়ের বংশোদ্ভূত রাহুল যদি শেষ পর্যন্ত প্রশাসনিক ছাড়পত্র পান, তবে তা ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে এবং ভবিষ্যতে আরও অনেক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ভারতের হয়ে খেলার সুযোগ পাবেন।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা