একটা এপিসোডও মিস করতে চাইতেন না দর্শক, ৭ সিরিয়াল বদলে দিয়েছে টেলিভিশনের ইতিহাস
২০০০ সালের পর ভারতীয় টেলিভিশনের স্বর্ণযুগের সূচনা হয়। বিশেষ করে একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের হাত ধরে একের পর এক মেগা সিরিয়াল শুধু টিআরপির রেকর্ড গড়েনি, বদলে দিয়েছিল ভারতীয় টেলিভিশনের ভাষা।
কিঁউকি সাস ভি কভি বহু থি (২০০০–২০০৮)

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পারিবারিক ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ছিল ‘কিউকি সাস ভি কভি বহু থি’। তুলসি বিরানির চরিত্রে স্মৃতি ইরানি রাতারাতি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। বিরানি পরিবারের সুখ-দুঃখ, সম্পর্কের টানাপড়েন, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে ওঠে গল্প। প্রায় আট বছর ধরে সম্প্রচারিত এই সিরিয়াল ভারতীয় টিভির ট্রেন্ডই বদলে দেয়।
কাহানি ঘর ঘর কি (২০০০–২০০৮)

পার্বতী আগরওয়ালের চরিত্রে সাক্শী তানওয়ার হয়ে উঠেছিলেন আদর্শ বউমা। আগরওয়াল পরিবারের নানা সংকট, সম্পর্কের জটিলতা এবং পরিবারের ঐক্য বজায় রাখার লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে এই ধারাবাহিক। দীর্ঘ আট বছর দর্শকদের মনে অটুট ছিল এই সিরিয়াল।
কসৌটি জিন্দেগি কে (২০০১–২০০৮)

অনুরাগ ও প্রেরণার অসম্পূর্ণ প্রেমের গল্প আজও দর্শকদের আবেগে ভাসায়। শ্বেতা তিওয়ারি ও সিজান খানের জুটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই সিরিয়ালের সবচেয়ে আইকনিক চরিত্র নিঃসন্দেহে কমলিকা। উর্বশী ঢোলাকিয়া অভিনীত এই খলনায়িকা চরিত্রটি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম জনপ্রিয়।
কাহি তো হোগা (২০০৩–২০০৭)

সুজল গরেওয়াল ও কাশিশ সিনহার প্রেম-ভালোবাসা, অভিমান ও সম্পর্কের টানাপড়েন নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিক। রাজীব খাণ্ডেলওয়াল ও আমনা শরিফের অনস্ক্রিন রসায়ন সেই সময় দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছিল।
জ্যাসি জ্যায়সি কোই নহি (২০০৩–২০০৬)

জ্যাসি জ্যায়সি কোই নহি
গ্ল্যামার দুনিয়ায় এক সাধারণ চেহারার কিন্তু অত্যন্ত মেধাবী মেয়ের আত্মপ্রতিষ্ঠার গল্প বলেছিল এই সিরিয়াল। জ্যাসির চরিত্রে মোনা সিংয়ের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মবিশ্বাস ও প্রতিভাই যে মানুষের আসল পরিচয়—এই বার্তাই দিয়েছিল ধারাবাহিকটি।
কসম সে (২০০৬–২০০৯)

তিন অনাথ বোন—বানি, পিয়া ও রানোর জীবনকে কেন্দ্র করে এগিয়েছে এই ধারাবাহিক। মুম্বইয়ে ধনকুবের ব্যবসায়ী জয় ওয়ালিয়ার বাড়িতে এসে তাঁদের জীবনের মোড় ঘুরে যায়। রাম কাপুর ও প্রাচী দেশাইয়ের জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রেম, পারিবারিক সম্পর্ক ও নাটকীয় মোড়ে ভরপুর এই সিরিয়াল টিআরপি তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিল।
কুটুম্ব (২০০১–২০০৩)

একতা কাপুরের অন্যতম জনপ্রিয় রোম্যান্টিক ধারাবাহিক ‘কুটুম্ব’ ২০০১ সালে সম্প্রচার শুরু হয়। গৌরব ও হিনার ভালোবাসা, ভুল বোঝাবুঝি, পারিবারিক দ্বন্দ্ব এবং সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে এগিয়েছিল গল্প। হিতেন তেজওয়ানি ও গৌরী প্রধান-এর অনস্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। শুধু টিআরপি নয়, এই সিরিয়ালের হাত ধরেই হিতেন-গৌরী টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটিতে পরিণত হন।