পিএম শ্রী–র অনুদান পাবে পশ্চিম বর্ধমানের ২৭ স্কুল
জেলা শিক্ষা দপ্তর সুত্রে জানা গিয়েছে, ২০২০–র জাতীয় শিক্ষানীতিকে বাস্তবে কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। প্রতিটি পুরসভা ও ব্লক এলাকায় একটি বা দু’টি করে বিদ্যালয়কে চিহ্নিত করে পিএম শ্রী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের জেলা স্কুল পরিদর্শক নৃপেন বিশ্বাস বলেন, ‘এই প্রকল্পে অনুদান পাওয়ার জন্য বিদ্যালয়গুলিকেই প্রথমে আবেদন করতে হয়েছে। আবেদনকারী স্কুলগুলির সামগ্রিক বিবরণ–সহ যাবতীয় নথিপত্র যাচাইয়ের কাজটি করেছেন জেলা শিক্ষা দপ্তরের অফিসাররা। সমস্ত বিবরণ হাতে পেয়ে বাছাই তালিকা তৈরি করেছে সর্বশিক্ষা মিশন। জেলা স্কুল পরিদর্শক (উচ্চ মাধ্যমিক) সৌমেন লাহা জানিয়েছেন, কবে ও কী ভাবে স্কুলগুলি অনুদানের টাকা পাবে, তা জেলা প্রশাসন ঠিক করবে।