মুম্বইয়ে ১৩ তলা থেকে ভেঙে পড়ল ক্রেন, মৃত ১, জখম ৩ - 24 Ghanta Bangla News
Home

মুম্বইয়ে ১৩ তলা থেকে ভেঙে পড়ল ক্রেন, মৃত ১, জখম ৩

Spread the love

মহারাষ্ট্রের মুম্বইয়ের মীরা রোড এলাকায় ভয়াবহ নির্মাণ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার নির্মীয়মাণ একটি বহুতলের ১৩ তলা থেকে একটি ক্রেন ভেঙে নীচে পড়ে যায়। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে নীচে পার্ক করে রাখা একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি নির্মীয়মাণ বহুতলের ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে। নির্মাণের কাজ চলাকালীন আচমকাই ১৩তলা থেকে ক্রেনটি ভেঙে নীচে পড়ে যায়। সেই সময়ে নীচে থাকা কয়েকজন গুরুতর জখম হয়েছেন। প্রশাসন সূত্রের খবর, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ-প্রশাসন। এএনআই সূত্রের খবর, এ দিনই এলাকায় গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ক্রেনটি ভেঙে নীচের পার্কিংয়ে আছড়ে পড়ে। এর ফলে একাধিক গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা রাত পর্যন্ত এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, কাঠামোগত সমস্যা নাকি আবহাওয়ার প্রভাবে এমন ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও গাফিলতি ছিল কি না সেটাও দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *