Ranbir Kapoor: ছোট্ট রাহার থেকে ছোঁয়াচে অসুখ রণবীরের! | Ranbir Kapoor to attend Ramayana trailer launch in black glasses after catching eye infection from daughter Raha
রণবীর কাপুর (Ranbir Kapoor) পড়েছেন বেশ ভালো রকমের ফাঁপরে। আর এই বিপত্তির উৎস আর কেউ নন, তাঁর নয়নের মণি, ছোট্ট রাহা কাপুর। মেয়ের থেকে কনজাংটিভাইটিসের সংক্রমণ সোজা এসে লেগেছে বাবার চোখে। চোখের মারাত্মক ইনফেকশন নিয়ে কাবু অভিনেতা। কিন্তু কাজের প্রতি যাঁর অমোঘ টান, তাঁকে কি আর ঘরে বসিয়ে রাখা যায়? তাই এই অবস্থাতেই দিল্লির হাই-ভোল্টেজ ইভেন্টে যোগ দিতে চলেছেন তিনি। তবে হ্যাঁ, চেনা লুকে নয়, এবার রণবীরকে দেখা যাবে চোখে কালো চশমা সেঁটে!
বলিউডের অন্দরের খবর, নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ হতে চলেছে আগামী ১৮ জুলাই। দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত এই মেগা ইভেন্টকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ঠিক এই আবহেই রণবীরের অসুস্থতার খবর প্রকাশ্যে এল। জানা গিয়েছে, প্রথমে রাহা এই চোখের রোগে আক্রান্ত হয়েছিল। আর পাঁচটা দায়িত্বশীল এবং স্নেহশীল বাবার মতোই মেয়ের দেখভাল করতে গিয়েই এই ভাইরাসের কবলে পড়েছেন ঋষি-পুত্র। চিকিৎসকদের পরিভাষায় যাকে বলে কনজাংটিভাইটিস।
তবে রণবীর কাপুর তাঁর পেশাদারিত্বের জন্য বরাবরই পরিচিত। সিনেমা টিমের ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রচণ্ড অস্বস্তি থাকা সত্ত্বেও দিল্লির এই অনুষ্ঠান থেকে পিছিয়ে আসছেন না অভিনেতা। সাবধানতা অবলম্বন করেই এবং ইনফেকশন আড়াল করতে কালো চশমা পরেই মঞ্চে উঠবেন তিনি।
৪০০০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে চলেছে। ট্রেলার লঞ্চের পর আগামী ২৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কমিক-কন (SDCC)-এর মঞ্চেও সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে। ‘কল্কি ২৮৯৮ এডি’-র পর এটিই দ্বিতীয় ভারতীয় ছবি, যা এই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে। সেখানেও হাজির থাকার কথা রণবীরের। এ আর রহমান ও অস্কারজয়ী হান্স জিমারের যৌথ সঙ্গীত পরিচালনায় তৈরি এই সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে রূপোলী পর্দায় ঝড় তুলতে আসছে। আর তাই, চোখের রোগকে বুড়ো আঙুল দেখিয়ে রামের ভূমিকায় পর্দায় আসার আগেই ছবির প্রচারে উঠে পড়ে লেগেছেন রণবীর।