IRCTC New Website: আজ রাত থেকেই ব্যবহার করতে পারবেন রেলের নয়া ওয়েবসাইট, চালু হয়ে গেল বিটা ভার্সন | IRCTC Launches New Beta Website, Faster Ticket Booking, Simpler Interface and Less Captcha for Passengers
নয়া দিল্লি: ১৫ জুলাই IRCTC-র নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রীর ঘোষণা মতোই, বুধবার রাত থেকেই রেলের নয়া ওয়েবসাইট লঞ্চ হয়ে গিয়েছে। তবে, আপাতত, IRCTC-এর নতুন ওয়েবসাইটের বিটা (IRCTC Beta Version) ভার্সন চালু করা হয়েছে। আজ রাত ৯টা থেকে যাত্রীরা এই নতুন ওয়েবসাইট (IRCTC New Website) ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিটা ভার্সন (Beta Version) হল ওয়েবসাইটের পরীক্ষামূলক সংস্করণ। এর মাধ্যমে নতুন ওয়েবসাইটের বিভিন্ন ফিচার (IRCTC Rail Feature) পরীক্ষা করা হবে এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে ত্রুটি সংশোধন করা হবে। রেল সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ নতুন ও পূর্ণাঙ্গ IRCTC ওয়েবসাইট চালু হবে। নতুন বিটা ওয়েবসাইটটি হল https://www.irctc.co.in/eticket/ ও https://www.irctc.co.in/eticket/। পাশাপাশি, বর্তমানে IRCTC ওয়েবসাইটের হোমপেজ থেকেও বিটা ভার্সনের লিঙ্কে প্রবেশ করা যাবে।
কেন বদলানো হল ওয়েবসাইট?
দীর্ঘদিন ধরেই IRCTC-এর ওয়েবসাইটের ধীর গতি, জটিল নেভিগেশন এবং ক্যাপচা (Captcha) জটিলতা নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। সম্প্রতি জয়পুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এক অনুষ্ঠানে এক ছাত্র সরাসরি IRCTC-এর ক্যাপচা সমস্যার কথা তুলে ধরেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই রেলমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং জুলাইয়ের মাঝামাঝি নতুন ওয়েবসাইট চালুর কথা জানান।
কী কী নতুন সুবিধা মিলবে?
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিটা ওয়েবসাইটে ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক পরিবর্তন আনা হয়েছে।
- অপ্রয়োজনীয় ক্যাপচা থাকবে না।
- বিরক্তিকর পপ-আপ ও ঝলমলে গ্রাফিক্স বাদ দেওয়া হয়েছে।
- সব শ্রেণির খালি আসন একসঙ্গে দেখা যাবে।
- টিকিট বুকিংয়ের ধাপ কমানো হয়েছে, ফলে দ্রুত বুকিং করা যাবে।
- বারবার টিকিট কাটেন যে যাত্রীরা, তাঁরা নিজের তথ্য সেভ করে রাখতে পারবেন। ফলে প্রতিবার নতুন করে তথ্য দিতে হবে না।
যাত্রীদের মতামতও নেওয়া হচ্ছে
নতুন ওয়েবসাইট তৈরির সময় MNIT-এর ছাত্রছাত্রীদের মতামতও নেওয়া হয়েছে। বিটা ভার্সন চালুর পর সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের মতামত জানাতে পারবেন। সেই ফিডব্যাকের ভিত্তিতেই ওয়েবসাইটে আরও উন্নতি আনা হবে।
এছাড়াও, বহু বছরের পুরনো পিআরএস-কেও আধুনিকীকরণ করছে ভারতীয় রেল। যা IRCTC-সহ বিভিন্ন ট্রেন টিকিট বুকিং পরিষেবার মূল প্রযুক্তিগত ভিত্তি। এর ফলে ভবিষ্যতে টিকিট বুকিং আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে।