ডিমের ‘টার্গেট’ শতাব্দী রায়, হামলায় স্কুটি-বাহিনী
হঠাৎ করেই স্কুটি নিয়ে ধাওয়া। শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ স্কুটি-বাহিনীর বিরুদ্ধে। বুধবার এই ঘটনা ঘটেছে। বীরভূমের সিউড়িতে জেলাশাসকের কার্যালয় চত্বরে এ নিয়ে শোরগোল পড়ে যায়। অভিযোগ, জেলাশাসকের অফিসে বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার সময়ে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
বুধবার জেলাশাসকের দপ্তরে একটি বৈঠকে যোগ দেন সাংসদ শতাব্দী রায়। সূত্রের খবর, নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে এ দিন বৈঠকে কোনও বিধায়ককে দেখা যায়নি। দেখা যায়নি বোলপুরের সাংসদকেও।
যদিও এই অনুপস্থিতি নিয়ে শতাব্দী রায় বলেন, ‘সাংসদ বাইরে আছেন, তা আমি জানি। কিন্তু বিধায়করা কেন আসেননি, সেটা তাঁরাই বলতে পারবেন। আমি তো আর তাঁদের বাড়ির লোক নই।’
এ দিন বৈঠক শেষে জেলাশাসকের কার্যালয় থেকে বেরিয়ে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন তিনি। সেই সময়েই সিউড়ির পশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে হঠাৎ একটি স্কুটি এবং তিনটি বাইক নিয়ে শতাব্দী রায়ের গাড়ির পিছনে ধাওয়া করে কয়েকজন যুবক। পর পর ডিম ছুড়তে থাকে। সিউড়ি থানার পুলিশ বিষয়টি দেখছে।