‘রুম রটিং’ থেকে ‘পপ কাল্টিং’, ভ্রমণের চেনা ব্যাকরণ কী ভাবে বদলে দিচ্ছে জেন জ়ি?
বছরে একবার নিয়ম করে সপরিবারে কাশ্মীর কিংবা দিঘা-পুরী যাওয়ার দিন এখন অতীত। তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জ়ি-রা (Gen Z) ভ্রমণের সংজ্ঞাটাই পুরোপুরি বদলে দিয়েছে। তাঁদের কাছে ঘুরতে যাওয়া মানে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, বরং মানসিক শান্তি, সামাজিক মাধ্যমের প্রভাব এবং একঘেঁয়েমি থেকে মুক্তির এক অনন্য কোপিং মেকানিজ়ম। সোশ্যাল মিডিয়ার এবং এই প্রজন্মের হাত ধরে ট্রাভেল ডায়েরিতে যোগ হয়েছে একগুচ্ছ নতুন শব্দবন্ধ। ভ্রমণের দুনিয়ায় নতুন এই শব্দের সঙ্গে আপনার পরিচয় আছে?
১. মেন্টি বি (Menty B)
‘মেন্টি বি’ শব্দটির আসল অর্থ ‘মেন্টাল ব্রেকডাউন’ (Mental Breakdown)। তবে জেন জ়ি-র অভিধানে এর মানে একটু আলাদা। কাজের চাপ, পড়াশোনার ক্লান্তি বা মানসিক অবসাদ যখন চরম সীমায় পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়ার (Breaking Point) আগেই একটা ছোট্ট ব্রেক নেওয়াকেই তারা বলছে ‘মেন্টি বি’। অর্থাৎ, মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে হুট করে কোথাও পালিয়ে যাওয়া।
২. হোয়াইকেশন (Whycation)
আগে মানুষ ভাবত ‘কোথায় যাব?’, আর এখন জেন জ়ি-রা ভাবছেন ‘কেন যাব’। এই ‘কেন’ বা ‘Why’ থেকেই এসেছে ‘হোয়াইকেশন’। এখানে গন্তব্য গৌণ, আসল হলো অভিজ্ঞতা। মন শান্ত করতে কেউ হয়তো চলে যাচ্ছে ঋষিকেশ বা ধর্মশালা, আবার রোমাঞ্চের খোঁজে কেউ পাড়ি দিচ্ছে বীর বিলিং-এ প্যারাগ্লাইডিং করতে বা মেঘালয়ের গহীন জঙ্গলে ট্রেকিং করতে।
৩. পপ কাল্টিং (Pop Culting)
সিনেমা, ওয়েব সিরিজ়, প্রিয় সেলিব্রিটি বা ইন্টারনেটে ভাইরাল হওয়া কোনো রিল দেখে অনুপ্রাণিত হয়ে সেইসব জায়গায় ঘুরতে যাওয়ার নামই ‘পপ কাল্টিং’। যেমন, ‘এমিলি ইন প্যারিস’ দেখে প্যারিসের রাস্তায় হারিয়ে যাওয়া, কিংবা ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজ়ের পর থাইল্যান্ডের বুকিং বেড়ে যাওয়া— সবই এই ট্রেন্ডের খেল।
৪. রুম রটিং (Room Rotting)
ছুটিতে গিয়ে সকাল সকাল তৈরি হয়ে দর্শনীয় স্থান দেখতে না বেরোলে আগেকার দিনে তাকে ‘ছুটি নষ্ট’ বলা হতো। কিন্তু জেন জ়ি-র কাছে রিসর্ট বা হোটেলের ঘরে অলস ভাবে পড়ে থাকাটাই একটা অভিজ্ঞতা, যার নাম হয়েছে ‘রুম রটিং’। চাদর মুড়ি দিয়ে বিন্দাস ঘুমোনো, বারান্দায় বসে সূর্যাস্ত দেখা, বই পড়া আর রুম সার্ভিস থেকে খাবার আনিয়ে ‘কিছু না করার’ আনন্দ উপভোগ করাই এই ট্রেন্ডের মূল কথা।
৫. ডি-ইনফ্লুয়েন্সড ট্রাভেল (De-influenced Travel)
সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা যে চেনা ও ভিড়ে ঠাসা ট্যুরিস্ট স্পটগুলোর বিজ্ঞাপন দেয়, জেন জ়ি এখন ইচ্ছে করেই সেগুলোকে এড়িয়ে চলছে। এর নামই ‘ডি-ইনফ্লুয়েন্সড ট্রাভেল’। তাঁরা অ্যালগরিদম-অনুমোদিত চেনা স্পটের বদলে স্থানীয় মানুষদের (Locals) পরামর্শে অচেনা, অফবিট এবং নিরিবিলি জায়গা খুঁজে নিতে বেশি ভালোবাসছে।