Arjun Singh: ‘সোনার বাস চালাব’, আশ্বাস অর্জুনের, কী এই সোনার বাস জানেন? | BJP leader Arjun singh promise to run bus which is made by gold
অর্জুন সিং, পরিবহন মন্ত্রী
Image Credit: Tv9 Bangla
কলকাতা: মন্ত্রিত্ব পেয়েই একের পর এক জনমূখী উদ্যোগ নিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। রাজ্যে চালু হয়েছে একের পর এক সরকারি বাস। উদাহরণ দিতে গিয়ে বলতেই হয় তারকেশ্বরের কথা। সোমবার তারকেশ্বর থেকে পাঁচটি সরকারি বাস চালু হয়েছে। আর এবার রাজ্যে সোনার বাস চলবে বলে আশ্বাস দিলেন মন্ত্রী অর্জুন সিং। সত্যিই কি সোনার বাস চলবে? এই সোনার বাসই বা কী, সবই ব্যাখ্যা দিলেন অর্জুন।
সোনার বাস কী?
তৃণমূল সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছে একের পর এক সরকারি বাস। এমন অভিযোগ আকছাড় উঠত। সরকারি বাস রাস্তায় প্রায় চলেই না। আর এতে সব থেকে বেশি অসুবিধায় পড়তেন নিত্যযাত্রীরা। তবে, এবার পালা বদল হয়েছে। আর তারপরই সরকারি বাস চালানোর আশ্বাস দিয়েছে সরকার।
অর্জুন সিং জানিয়েছেন, একটা সময় ছিল ব্যারাকপুর সুভাষ চন্দ্র বাস টার্মিনাল থেকে অনেক বাস যেত। ধীরে ধীরে এই এলাকা থেকে অনেক বাস বন্ধ হয়েছে। পরিবহন ব্য়বস্থা তলানিতে গিয়েছে। বিজেপি সরকার চেষ্টা করছে যেখানে পরিবহন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে সরকারি বাস চালানোর। তিনি বলেন, “প্রায় ৫০ টা নতুন বাস চালাব। পুজোর আগে আরও ৪৮৭টা বাস আনার চেষ্টা করছি। এর পাশাপাশি পরিবহন ব্যবস্থাতে অনেক লিকেজ থাকে। সেই লিকেজ বন্ধ হলে আমরা সোনার বাস চালাতে পারব।”
পরে সোনার বাসের আসল অর্থ বোঝান রাজ্যের পরিবহন মন্ত্রী। তাঁর কথায়, যদি তৃণমূল আমলের মতো টায়ার চুরি, পার্টস চুরি করা হত। এইসব যদি বন্ধ করা যায়, তাহলে সোনার বাস চালানো যেতে পারে। অর্থাৎ পরিবহন দফতরকে দুর্নীতি মুক্ত করতে পারলে আগামিদিনে রাজ্যে সোনার সরকারি বাস চলানো যাবে বলে আশ্বাস দিয়েছেন অর্জুন।