বারুইপুরে ধর্ষণ-খুন কাণ্ডে ৩ ধৃতকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ, সঙ্গে গেল ফরেন্সিক দলও
পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে রেললাইনের ধারে যে জায়গায় ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, মঙ্গলবার সেখানেই গিয়েছিলেন তদন্তকারীরা। সঙ্গে নিয়ে যাওয়া হয় তিন অভিযুক্ত কবীর মোল্লা, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। ঘটনার পুনর্নির্মাণের সময়ে সাক্ষী হিসেবেও দু’জন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অকুস্থলে প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখানে পুলিশি এনকাউন্টারে নিহত হয় সে। পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের সময়ে এক তদন্তকারী অফিসারের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল প্রভাস। এক রাউন্ড গুলিও চালিয়েছিল। পাল্টা পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়ে খতম করেছে প্রভাসকে। সেই ঘটনার এক সপ্তাহ পরে আবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।