মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড: কোল
এই সময়: ‘মুচাচোস’ গানটি অতীত হয়েছে আগেই। ২০২২ বিশ্বকাপের সময়ে আর্জেন্তিনার ফ্যানেরা গাইতেন সেই গান। এ বারের বিশ্বকাপের জন্য তাদের গান, ‘লা কুয়ার্তা এস্ত্রেইয়া’। আক্ষরিক ভাবে যার মানে, ‘চতুর্থ তারা’। চতুর্থ বিশ্বকাপ জেতার লক্ষ্যে তৈরি এই গান। জার্সিতে তিনের বদলে চতুর্থ তারা যোগ হবে তবেই।
তবে এই গানটির একটি শব্দেই আপত্তি তুলতে শুরু করেছে ইংরেজরা। গানের শেষ দুটি লাইনে বলা হয়, ‘মালবিনাসের জন্য, দিয়েগোর জন্য, লিওর জন্য/আর্জেন্তিনা, তোমাকে পরপর দু’বার চ্যাম্পিয়ন দেখতে চাই।’
এই লাইনে লিও যে লিওনেল মেসি, দিয়েগো যে দিয়েগো মারাদোনা— বুঝতে কোনও অসুবিধা নেই। কিন্তু মালবিনাসই যত নষ্টের গোড়া। আর্জেন্তিনীয়রা ফকল্যান্ড দ্বীপকে মালবিনাস নামেই ডাকেন। এতেই আপত্তি তুলেছে ইংল্যান্ড। সে দেশের কয়েকটি মিডিয়ায় লেখা হয়েছে, রাজনৈতিক বিষয় উল্লেখ করে আর্জেন্তিনীয়দের এই গান কী করে ফিফা স্টেডিয়ামে গাইতে দিচ্ছে?
ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলাররা আবার সেমিফাইনালের আগে হুঙ্কারও দিয়ে রাখছেন। জো কোল যেমন বলে দিয়েছেন, ‘যে ভাবে আমরা (ইংল্যান্ড) খেলছি, তাতে আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দেব। আমরাই বিশ্বকাপ ফাইনালে খেলব। এটা আমি হাড়েহাড়ে টের পাচ্ছি।’
ইংল্যান্ডের প্রাক্তন রাইটব্যাক গ্যারি নেভিলের মন্তব্য, ‘আমরা যে অন্তত জোড়া গোল করব, তা বুঝতেই পারছি। আর্জেন্তিনার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস, দু’জনে মিলে প্রতি ম্যাচেই একটা করে গোল উপহার দিচ্ছে প্রতিপক্ষকে। আবার উঠে গিয়েও গোলও করছে ওরা। আমি তাই ওদের বলি, ভালো–খারাপ সেন্টার ব্যাক পার্টনারশিপ। এক মুহূর্তে দারুণ, পরের মুহূর্তেই খারাপ।’