জলবন্দি ঢাকা, বৃষ্টি ও বন্যায় দেশে মৃত অন্তত ৫১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে তিন জন, বান্দরবানে ছয় জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন ও মৌলভীবাজারে এক জন রয়েছেন। জখম ৩৯ জন। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই সাতটি জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় এবং হাঁটু থেকে কোমর সমান জল জমায় কয়েক হাজার আবাসিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। এই জলাবদ্ধতার কারণে রবিবার কয়েকটি বিভাগের ক্লাস বাতিল এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট ক্যাম্পাসের প্রায় পুরোটাই জলের নীচে। অতিবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন— এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।