হাল্যান্ডকে পাস না দিয়ে স্বার্থপর সিদ্ধান্ত, বিশ্বকাপের সবচেয়ে বড় ভুলের মাশুল দিল নরওয়ে
মনে হচ্ছিল, আর একটি পাসই হয়তো নরওয়েকে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে দেবে। কিন্তু সেই পাস আর আসেনি। আলেক্সান্দার সোরলথ (Alexander Sorloth) নিজেই গোল করার সিদ্ধান্ত নেন এবং সুযোগটি নষ্ট হয়ে যায়। সেই মুহূর্তে হয়তো কেউ ভাবেনি, কয়েক সেকেন্ডের ওই সিদ্ধান্তই পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। কারণ সুযোগ হাতছাড়া হওয়ার অল্প সময়ের মধ্যেই সমতা ফেরায় ইংল্যান্ড। এর পর অতিরিক্ত সময়ে আসে জয়ের গোল। আর নরওয়ের জন্য থেকে যায় শুধুই আক্ষেপ— যদি সেই বলটা হাল্যান্ডের পায়ে যেত!
হাল্যান্ড ফাঁকায়, তবু পাস দিলেন না সোরলথ
প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে নরওয়ে। সামনে ছিলেন শুধু একজন ইংল্যান্ড ডিফেন্ডার। সোরলথের ডান পাশে প্রায় ফাঁকায় ছিলেন হাল্যান্ড। তাঁকে বল বাড়িয়ে দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল খুবই বেশি। কিন্তু সোরলথ পাস না দিয়ে নিজেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের ফুটবলাররা দ্রুত পিছিয়ে এসে তাঁকে ঘিরে ফেলেন। শেষ পর্যন্ত তাঁর নেওয়া দুর্বল শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের কাছেও পৌঁছতে পারেনি।