MS Dhoni: চেন্নাই এক্সপ্রেসের ইঞ্জিন, ধোনিকে এমন সার্টিফিকেট কার? – Bengali News | MS Dhoni like a diesel engine that never stops says South Africa and RCB ex player AB de Villiers
MS Dhoni: চেন্নাই এক্সপ্রেসের ইঞ্জিন, ধোনিকে এমন সার্টিফিকেট কার?
Image Credit source: X
কলকাতা: ইয়েলো জার্সিতে মাঠ কাঁপানো শুরু করে দিয়েছেন সিএসকের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নেটে তাঁর গগনচুম্বী ছক্কার ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। লম্বা সোনালি চুল আর সুঠাম চেহারার মহেন্দ্র সিং ধোনিকে দেখে তরুণীদের মনে ঝড়ও উঠছে। ৪৩ ছুঁই ছুঁই ধোনিকে দেখলে মনে হয় তিনি ২৩এর তরুণ। গত বারের আইপিএলের সময় বার বার ক্রিকেট মহলে আলোচনা হয়েছে সেটাই মাহির শেষ আইপিএল (IPL)। কিন্তু ধোনি নিজে অবসরের কথা এখনও জানাননি। বরং আরও একবার আইপিএলে খেলার জন্য তৈরি ধোনি। আইপিএল শুরুর আগে এক কিংবদন্তি এ বার চেন্নাই সুপার কিংসের (CSK) ক্যাপ্টেন ধোনিকে বলেছেন চেন্নাই এক্সপ্রেসের ইঞ্জিন। ধোনিকে কে দিলেন এমন সার্টিফিকেট?
সম্প্রতি প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘গত বছর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছিল। যে সেটাই তাঁর শেষ আইপিএল। কিন্তু তেমনটা হয়নি। তিনি আবার ফিরেছেন। এটা কি তাঁর শেষ মরসুম হবে? সেটা কেউ জানে না। ওকে মনে হয় ডিজেল ইঞ্জিন। যা কখনও যেন শেষই হয় না। ও দৌড়াতেই থাকে। ও অবিশ্বাস্য ক্রিকেটার। একজন অবিশ্বাস্য অধিনায়ক।’
ষষ্ঠ আইপিএল খেতাব জয়ই এ বার চেন্নাই সুপার কিংসের লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণ করার জন্য ২২ মার্চ আইপিএল যাত্রা শুরু করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এবিডি মনে করেন, সিএসকে একটা ভয়ঙ্কর টিম। যাদের হারানো খুব সহজ নয়। তাঁর কথায়, ‘সিএসকের বিরুদ্ধে খেলা সহজ নয়। ওদের হারানোটাও কখনই সহজ নয়। যে কারণে ওরা টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। একটা সফল ফ্র্যাঞ্চাইজি। ধোনির নেতৃত্বে এবং স্টিফেন ফ্লেমিংয়ের মতো একজন শান্ত কোচের অধীনে একটা দারুণ টিম হয়ে উঠেছে সিএসকে।’
This type of 2 Sixes is enough Thala 🦁🔥
#MSDhoni #WhistlePodu pic.twitter.com/KHBKC0OYLS
— Bhuvan (@bhuvanChari007) March 14, 2024
আইপিএলে অতীতে দীর্ঘদিন আরসিবি টিমে খেলেছেন এবিডি। এই আইপিএলের মঞ্চেই বিরাট কোহলির সঙ্গে এবিডির বন্ড আরও মজবুত হয়েছে।