উত্তরের সব জেলায় বিদ্রোহী তৃণমূলের নয়া ইনিংস, দায়িত্ব পেয়েই সভাপতিদের মুখে দলকে সাজানোর বার্তা
শেষ পর্যন্ত ‘বিক্ষুব্ধ’ তৃণমূলে যোগ দিয়েই শিলিগুড়ি জেলা দলের সভাপতির দায়িত্ব পেলেন শিলিগুড়ি পুরসভার পদত্যাগী ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দায়িত্ব পেয়ে দ্রুত দলের পুনর্গঠনের কাজে নামতে চান বলে জানান রঞ্জন। কলকাতা থেকে শিলিগুড়ি ফিরেই তিনি কাজে নেমে পড়বেন। এ দিন কলকাতা থেকে ফোনে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী। তৃণমূল কংগ্রেসই আমাদের দল। সভাপতির দায়িত্ব নতুন করে পেলাম।’ কোচবিহারের দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী, প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, ‘দলটা তৃণমূল কংগ্রেস। আলাদা করে কোনও বিষয় নেই। গুছিয়ে সাজানো হবে দলকে। দলের কর্মীদের পাশে এখন দাঁড়াতে হবে। যাঁরা বাড়ি ছাড়া রয়েছেন, তাঁদের বাড়ি ফেরানো হবে। জেলা কমিটি, ব্লক কমিটি সমস্ত কিছুই তৈরি করা হবে।’