Kolkata Metro Fine: মেট্রোয় এই কাজ করলেই এবার ২০০০ টাকা জরিমানা! | Metro rail fine travel without ticket smoking will attract huge fine never do this things inside kolkata metro else you will be punished
কলকাতা: জরিমানা বেড়েছে ট্রেনে। বিনা টিকিটে ভ্রমণ থেকে শুরু করে ট্রেনে ধূমপান- সব কিছুতেই শাস্তির অঙ্ক বেড়েছে। এবার মেট্রো রেলেও (Metro Rail) জরিমানা (Fine) বাড়ল। বিনা টিকিটে মেট্রো চড়লে এবার কত জরিমানা দিতে হবে জানেন?
বিনা টিকিটে ভ্রমণের শাস্তি-
জন বিশ্বাস আইন ২০২৬-র অধীনে ট্রেনের মতো মেট্রো যাত্রাতেও এবার নিয়মের কড়াকড়ি করা হয়েছে। বেড়েছে জরিমানা ও শাস্তি। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কোনও যাত্রী যদি বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানা দিতে হত ২৫০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দ্বিগুণ জরিমানা হয়ে গিয়েছে।
কম মূল্য়ের টিকিট কেটে ভ্রমণে শাস্তি-
এছাড়া যদি কোনও যাত্রী কম দূরত্বের টিকিট কেটে, বেশি দূরত্বের স্টেশনে যান, তারাও ধরা পড়লে এবার কড়া শাস্তির মুখে পড়বেন। একজনের টিকিট দিয়ে যদি দুইজন যাত্রী একসঙ্গে বেরিয়ে যান, তাহলে তাকে বিনা টিকিটের যাত্রী হিসাবে ধরা হবে এবং শাস্তির মুখে পড়তে হবে। দিতে হবে মোটা জরিমানা।
ধূমপানে কড়া শাস্তি-
তবে সবথেকে বেশি শাস্তি পেতে হবে যদি কেউ ট্রেনে ধূমপান করেন। সকলেই জানেন যে মেট্রোর কামরায় বা স্টেশনে এবং ভূগর্ভস্থ এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এবার থেকে যদি কেউ ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাকে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে। কোনও যাত্রী যদি এই জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে তাকে আদালতে অভিযোগ দায়ের করা হবে এবং সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
মদ্য়পানে জেল যেতে হবে এবার-
মেট্রোয় মদ্যপ অবস্থায় উঠলে এবং তার জেরে কোনও যাত্রীর অসুবিধা হলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। মেট্রো থেকে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। পাশাপাশি এক হাজার টাকা জরিমানা এবং প্রয়োজনে একদিনের জেল পর্যন্ত হতে পারে।
মেট্রোর ট্র্য়াকে নামলেও শাস্তি-
অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলেও এবার থেকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। নিয়ম না মানলে আরও বড় শাস্তির মুখে পড়তে হবে।
গালিগালাজেও জরিমানা-
মেট্রোর ভিতরে বা মেট্রো চত্বরে যদি কোনও যাত্রী অভব্য আচরণ করেন, অশালীন ভাষা প্রয়োগ করেন, তাহলে তাঁর ২৫০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ওই ব্যক্তির টিকিটও বাতিল করে দেওয়া হবে।
কর্মীদের জন্যও শাস্তি-
শুধু যাত্রী নয়, মেট্রো কর্মীদের জন্যও কড়া বিধি জারি করা হয়েছে। ডিউটিতে থাকাকালীন কোনও কর্মী যদি মদ্যপ অবস্থায় থাকেন, তবে কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।