কোথায় শান্তিচুক্তি! বাড়ছে হামলার তীব্রতা, ইরানে মৃত ১৪
এই সময়: ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চুক্তির প্রধান উদ্দেশ্যই ছিল, ৬০ দিন সময় হাতে পাওয়া। ঠিক ছিল, ওই সময়ের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ়ের নিয়ন্ত্রণ, তেল রপ্তানিতে ইরানের উপরে নিষেধাজ্ঞা তোলা, ফ্রোজ়েন অ্যাসেট-সহ এক একটি বিষয় ধরে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে চূড়ান্ত চুক্তি করা হবে। কিন্তু তার আগেই, তিন সপ্তাহের মাথায় ফের পুরোদস্তুর যুদ্ধে ফিরে গেল এই দুই দেশ! তার প্রধান কারণ, ইরান ও আমেরিকা কেউ তাদের অবস্থান থেকে একচুলও নড়তে রাজি নয়। আমেরিকা ও তার মিত্র দেশগুলি ইরানের পরমাণু সক্ষমতা ও হরমুজে় তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব কমাতে চাইলেও, ইরান মনে করে, এই সব দাবি মেনে নিলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আর হরমুজ় প্রণালী তো ইরানের সর্বোচ্চ কূটনৈতিক অস্ত্র! ফলে এত ঢাকঢোল বাজিয়ে করা শান্তিচুক্তি জলে দিয়ে ফের তেতে উঠেছে পশ্চিম এশিয়া। বুধবার রাত থেকেই ইরান এবং আমেরিকা পরস্পরের উপরে অ্যাটাকের তীব্রতা বাড়িয়েছে। আর তার জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও চড়চড় করে বাড়তে শুরু করে দিয়েছে।