পোর্টালে আসছে ‘এডিট’ অপশন, শুধরে নিন ভুল
কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্যজুড়ে যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছিল, তাতে কিছুটা স্বস্তির বার্তা মিলল। আবেদনকারীদের একাংশের…

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্যজুড়ে যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছিল, তাতে কিছুটা স্বস্তির বার্তা মিলল। আবেদনকারীদের একাংশের ফর্ম বাতিল হওয়ার সমস্যার সমাধানে এবার অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে ‘এডিট’ বা ‘সংশোধন’ অপশন চালু করতে চলেছে প্রশাসন। এর ফলে ফর্ম পূরণে ভুল করা আবেদনকারীরা নিজেদের তথ্য নতুন করে সংশোধনের সুযোগ পাবেন। (annapurna yojana form edit option status update)
প্রশাসন সূত্রে খবর, বহু আবেদনকারীর ফর্ম বাতিলের পিছনে মূলত কয়েকটি কারণ রয়েছে। অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার বা পিএম কিষানের মতো অন্যান্য সরকারি প্রকল্পের সঙ্গে একই মোবাইল নম্বর যুক্ত থাকায় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। যদিও আয়করদাতা বা আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের আবেদন নিয়ম মেনেই বাতিল করা হয়েছে, তবে সেই সংখ্যাটি খুবই কম।
যাদের ফর্ম বাতিল হয়েছে, তারা এডিট অপশন চালু হলে প্রথমবার ফর্মে থাকা ভুলগুলো শুধরে নিতে পারবেন। বিশেষ করে আধার কার্ড ও মোবাইল নম্বরের তথ্যে অমিল থাকলে তা সঠিক করে নেওয়া যাবে। অনেক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। আবেদনকারীদের ১০ জুলাইয়ের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় তথ্য পোর্টালে আপলোড করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জুলাই থেকে টাকা প্রদানের নতুন প্রক্রিয়া শুরু হতে পারে। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনার পোর্টাল নিয়মিত নজর রাখতে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে। একবার ভেরিফিকেশন সম্পন্ন হলেই মিলবে ৩ হাজার টাকা।
