বালোগুন ইস্যুতে ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ UEFA, বাড়ছে বিতর্ক
বালোগুনের শাস্তি প্রত্যাহার ঘিরে ফিফার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে উয়েফা। বিতর্কের জেরে ফুটবলে নিয়মের প্রয়োগ ও স্বচ্ছতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
বাবান আদক, কলকাতা ডেস্ক: ফিফা এবার সব ‘রেড লাইন’ অতিক্রম করে ফেলেছে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে নতি স্বীকার করে আমেরিকার স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি যেভাবে রাতারাতি মকুব করা হয়েছে, তাকে “অকল্পনীয় এবং সম্পূর্ণ অন্যায্য” বলে তীব্র তোপ দাগল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা (UEFA)। সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোর মেগা ম্যাচের ঠিক আগে ফিফার এই অভাবনীয় সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ইউরোপীয় ফুটবল মহল। উয়েফার স্পষ্ট দাবি, ফিফার এই নির্লজ্জ পদক্ষেপ ফুটবলের বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতাকে চূড়ান্ত খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে।
উয়েফা এক কড়া বিবৃতিতে জানিয়েছে, “কিছু নিয়মের হয়তো ভিন্ন ব্যাখ্যা হতে পারে, কিন্তু এক্ষেত্রে সেই সুযোগ নেই। নিয়মের রক্ষকরাই যখন নিয়ম ভাঙেন, তখন খেলার স্বচ্ছতা বিপন্ন হয়।” ঘটনাচক্রে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফারই শীর্ষপদে (জেনারেল সেক্রেটারি) ছিলেন। তাঁর জমানায় ফিফার এমন পক্ষপাতদুষ্ট আচরণে উয়েফা চরম বিস্ময় প্রকাশ করেছে। টুর্নামেন্টের মাঝপথে অন্যান্য দেশের ফুটবলাররা যখন একই অপরাধে নিয়ম মেনে নির্বাসন কাটাচ্ছেন, তখন আমেরিকার বালোগুনের জন্য ফিফার এই বিশেষ ‘ছাড়’ কোনওভাবেই মানতে পারছে না উয়েফা। তাদের দাবি, এই নিয়ম রেগুলেশনে একেবারে খোদাই করা আছে, এতে কোনো ব্যতিক্রম চলতে পারে না।
Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস
গত বুধবার শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে পাড়ানোর অপরাধে সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। বিশ্বজুড়ে এই ধরনের মারাত্মক ফাউলের জন্য অন্তত দুই ম্যাচের নির্বাসন অবধারিত। কিন্তু ফিফা মাত্র এক বছরের ‘পর্যবেক্ষণ’-এর অদ্ভুত শর্ত দিয়ে মার্কিন তারকাকে মাঠে নামার ছাড়পত্র দিয়ে দেয়। যদিও বালোগুনের নিজের সাফাই, “আমার মনে হয় শুধু হলুদ কার্ড দেওয়াই ন্যায্য হতো।”
চলতি বিশ্বকাপে রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়েও অবশ্য প্রশ্ন রয়েছে। মেসি বা হাকিমির মতো তারকারাও প্রায় একই রকম ফাউল করে বিনা শাস্তিতে পার পেয়ে গেছেন। পর্তুগালের বের্নার্দো সিলভাকে কঙ্গোর বিরুদ্ধে শুধু হলুদ কার্ড দেখেই ছেড়ে দেওয়া হয়।
Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া
তবে লাল কার্ডের পর সরাসরি রাজনৈতিক চাপে শাস্তি মকুবের নজির বিশ্বকাপে নেই। সদ্য ব্রাজিলকে হারানো নরওয়ের কোচ স্টেল সোলবাকেন এই সিদ্ধান্তকে “ভয়ানক খারাপ” আখ্যা দিয়ে বলেছেন, এটি বিশ্বকাপের ঘোরতর ক্ষতি করবে। অন্যদিকে, উয়েফার সদস্য দেশ বেলজিয়ামও বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। সিয়াটলে বিকেল ৫টায় কিক-অফের ঠিক কয়েক ঘণ্টা আগে ফিফার আপিল বিচারকের কাছে এই অবিচারের বিরুদ্ধে মরিয়া লড়াই চালাচ্ছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে, মার্কিন প্রশাসনিক দাপটে বিশ্ব ফুটবলের নিয়মকানুন যে আজ রীতিমতো প্রহসনে পরিণত হয়েছে, উয়েফার প্রতিবাদ তার সবচেয়ে বড় প্রমাণ।