নিউইয়র্কের ইস্ট নদীতে আছড়ে পড়ল সি-প্লেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৮ যাত্রী - 24 Ghanta Bangla News
Home

নিউইয়র্কের ইস্ট নদীতে আছড়ে পড়ল সি-প্লেন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৮ যাত্রী

Spread the love

নিউ ইয়র্কের ইস্ট নদীতে আছড়ে পড়ল একটি সি-প্লেন (জল ও স্থল, উভয় জায়গাতেই অবতরণে সক্ষম)। রবিবার দুপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ৮ জন যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেছে সিটি ফায়ার ডিপার্টমেন্ট। ঘটনায় দু’জন সামান্য চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ নদীতে ভরা জোয়ার ছিল। সেই সময়ে ম্যানহাটনের ২৩ নম্বর স্ট্রিট এবং এফডিআর ড্রাইভ সংলগ্ন ফেরিঘাট ও স্কাইপোর্ট টার্মিনালের কাছে যাত্রী নিয়ে অবতরণের চেষ্টা করে বিমানটি। তখনই গোঁত্তা খেয়ে মুখ থুবড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, নদীতে উল্টে পড়ে রয়েছে বিমানটি। জলে সম্পূর্ণ ডুবে গিয়েছে একটি ডানা।

সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। বিমানটি আছড়ে পড়তেই নদীতে ছিটকে পড়েছিলেন যাত্রীরা। তাঁদের উদ্ধার করেন সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা। দু’জন যাত্রী সামান্য চোট পেয়েছিলেন। ঘটনাস্থলেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

উদ্ধারকাজ শেষে বিমানটিকে টেনে ডকে নিয়ে যাওয়া হয় বলে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে। গোটা অভিযানে অংশ নিয়েছিল পাঁচটি উদ্ধারকারী বোট। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ।

তবে এটাই প্রথম নয়। গত মাসেও টেক অফের সময়ে প্রবল ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে পড়েছিল একটি সি-প্লেন। সে বারও উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করেছিল বিমানটিকে। অল্প সময়ের ব্যবধানে একই নদীতে পরপর দু’টি সি-প্লেন দুর্ঘটনার কবলে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *