Indian Railways: ফ্লাইটের অর্ধেক খরচও নয়, মাত্র ৬ ঘণ্টায় পৌঁছে যাবেন দিল্লি! বাংলাকে ঢেলে উপহার রেলের | Indian Railways Big Plan: At Half Price of Flight, Siliguri to Delhi Can be Reached within 6 Hours, Know All Details about Bullet Train Corridor
নয়া দিল্লি: রেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। দিল্লি আর দূরে থাকবে না। কেন্দ্রীয় সরকার একাধিক রেল প্রকল্পের ঘোষণা করছে দেশের সমস্ত প্রান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে। এর মধ্যে অন্যতম হল বুলেট ট্রেন। এই বুলেট ট্রেন নিয়ে বিরাট ঘোষণা করা হয়েছে। বাংলা থেকে দিল্লি যাতায়াতের সময় কমে প্রায় অর্ধেক হয়ে গেল।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার দিল্লি-শিলিগুড়ি হাই-স্পিড বুলেট ট্রেন করিডোর অনুমোদন দিয়েছে। এটি দেশের সাতটি নতুন প্রস্তাবিত হাই-স্পিড রেল প্রকল্পের মধ্যে অন্যতম। এটি সম্পন্ন হলে, শিলিগুড়ি থেকে বিহার, দিল্লি, বারাণসী যাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
কত সময় বাঁচবে?
এই হাই স্পিড বুলেট ট্রেন করিডর চালু হলে, বিহারের পটনা থেকে দিল্লি, যার দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার, তা অতিক্রম করতে মাত্র ৪ ঘন্টা ৪১ মিনিট সময় লাগবে। সাধারণ ট্রেনে বর্তমানে ১৩ থেকে ১৫ ঘণ্টা সময় লাগে এই পথ পেরতে।
একইভাবে, পটনা থেকে বারাণসী প্রায় ৫০ মিনিটে এবং শিলিগুড়ি থেকে পটনা মাত্র ২ ঘন্টা ৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। এই দ্রুতগতির ট্রেনটি ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলবে।
জানা গিয়েছে, এই প্রকল্পটি ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এবং রেল মন্ত্রকের তত্ত্বাবধানে নির্মিত হবে। এই করিডরের অধীনে দেশজুড়ে প্রায় ১৭০৫ কিলোমিটার দ্রুতগতির ট্র্যাক স্থাপন করা হবে।
এই প্রকল্পে বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং দিল্লির মধ্যে রেলপথে যোগাযোগ আগের চেয়ে দ্রুত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, হাই-স্পিড করিডরে প্রতি ১০০ থেকে ১৫০ কিলোমিটার অন্তর স্টেশন নির্মাণ করা হবে। বিহারে বর্তমানে পটনা, বক্সার এবং কাটিহারে প্রধান স্টেশন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এই জায়গাগুলিতে শীঘ্রই জমি অধিগ্রহণ শুরু হবে।