রাস্তার মাঝে ফোয়ারা? ২৫ ফুট উঁচু ‘জলস্তম্ভ’ দেখে ভ্যাবাচ্যাকা খেল মুম্বই - 24 Ghanta Bangla News
Home

রাস্তার মাঝে ফোয়ারা? ২৫ ফুট উঁচু ‘জলস্তম্ভ’ দেখে ভ্যাবাচ্যাকা খেল মুম্বই

Spread the love

রাস্তার মাঝে প্রায় তিনতলা বাড়ির সমান জলপ্রপাত। তার থেকে হুড়হুড় করে বইছে জল। দূর থেকে দেখে মনে হচ্ছে উঁচু পাহাড়। রাস্তার উপর ঝাঁপিয়ে পড়ছে জলের ধারা।কিন্তু মুম্বইয়ের জাতীয় সড়কের উপরে রাতারাতি এমন ফোয়ারা এল কোথা থেকে? চোখের ভুল নাকি হ্যালুসিনেশন?

শুক্রবার সকালে এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলেন মুম্বই সংলগ্ন ভাসাই-ভিরার এলাকায় পথচলতি মানুষ। ব্যস্ত মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের পাশে আচমকাই প্রায় ২০ থেকে ২৫ ফুট উঁচুতে জলকে লাফিয়ে উঠতে দেখা যায়। দূর থেকে দেখে অনেকেরই মনে হয়েছিল, যেন রাস্তার মাঝখানে বিশাল একটি ফোয়ারা বা জলপ্রপাত তৈরি হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ দিন দ্রুত গতিতে আসা একটি ট্রাক রাস্তার ধারে থাকা পাইপ লাইনে ধাক্কা মারায় পাইপটি ফেটে যায়। এর পরেই প্রবল চাপে জল উপরে উঠে প্রায় ২৫ ফুট উচ্চতার একটি জলস্তম্ভের সৃষ্টি করে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লিটার জল রাস্তায় ছড়িয়ে নষ্ট হতে থাকে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি হলো ‘সূর্য যোজনা’ প্রকল্পের মূল জল সরবরাহ লাইন, যার মাধ্যমে ভাসাই-ভিরার শহরে পানীয় জল পৌঁছে দেওয়া হয়। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকার জল সরবরাহেও বিঘ্ন ঘটে। খবর পেয়েই ভাসাই-ভিরার পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন। তবে টানা বর্ষণের কারণে সেই কাজে কিছুটা সমস্যা তৈরি হয়েছে।

পাইপলাইন ফেটে যাওয়ার ফলে আশপাশের রাস্তাও দ্রুত জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বর্ষণের জেরে ওই এলাকার একাংশ যান চলাচল ব্যাহত হচ্ছিল। জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয় এবং যত দ্রুত সম্ভব জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *