Debraj Chakraborty: 'অভিযোগ করলে আপনার ভালো হবে না', দেবরাজের প্রভাব টের পেয়েছিলেন প্রাক্তন পুলিশকর্তাও | Former DSP Alleges Threats by Debraj Chakraborty's Aides After Filing Police Complaint - 24 Ghanta Bangla News
Home

Debraj Chakraborty: ‘অভিযোগ করলে আপনার ভালো হবে না’, দেবরাজের প্রভাব টের পেয়েছিলেন প্রাক্তন পুলিশকর্তাও | Former DSP Alleges Threats by Debraj Chakraborty’s Aides After Filing Police Complaint

Spread the love

দেবরাজ চক্রবর্তীকে নিয়ে কী বললেন প্রাক্তন পুলিশকর্তা?Image Credit: TV9 Bangla

কলকাতা: কতটা প্রভাবশালী ছিলেন দেবরাজ চক্রবর্তী? বিধাননগর পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। তোলাবাজি, হুমকি, দুর্নীতিতে নাম জড়াচ্ছে দেবরাজের। তাঁর প্রভাব কতটা ছিল, তা শুধু সাধারণ মানুষ নন, টের পেয়েছিলেন এক প্রাক্তন পুলিশকর্তাও। থানায় অভিযোগ জানাতে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়েছিলেন। তাঁকে স্পষ্ট বলা হয়েছিল, দেবরাজের লোকের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। রাজ্যে পালাবদলের পর অভিযোগ দায়ের করলেন শেখর বসু নামে প্রাক্তন ওই ডিএসপি।

দেবরাজকে নিয়ে কী বললেন প্রাক্তন পুলিশকর্তা?

দেবরাজ নিজে বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে রাজারহাট গোপালপুরে জিতেছিলেন তাঁর স্ত্রী কীর্তনশিল্পী অদিতি মুন্সি। স্ত্রী বিধায়ক হওয়ার পর দেবরাজের প্রভাব আরও বাড়ে বলে অভিযোগ। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন দেবরাজ।

এই দেবরাজের প্রভাবই টের পেয়েছিলেন প্রাক্তন ডিএসপি শেখর বসু। এদিন টিভি৯ বাংলাকে তিনি বলেন, “২০২৩ সালে একটি সিকিউরিটি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে বুঝেছিলাম, কতটা প্রভাবশালী দেবরাজ।” ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, “২০১৮ সালে একটি সিকিউরিটি এজেন্সির আমি চুক্তিবদ্ধ হই। আমাকে মাসে ২০ হাজার টাকা বেতন এবং পুজোর সময় বোনাস দেওয়ার কথা হয়।” কিন্তু, কয়েক বছর তাঁকে কোনও টাকা দেওয়া হয় না। সবমিলিয়ে ১৭-১৮ লাখ টাকা পাননি তিনি।

এরপরই ২০২৩ সালে বাগুইআটি থানায় ওই সিকিউরিটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে যান শেখর বসু। তিনি বলেন, “তখন পুলিশ আমার অভিযোগ নেয়নি। পুলিশ বলেছিল, উপরের ব্যাপার রয়েছে। নেওয়া যাবে না। কেস নম্বরও দেয়নি। রিসিভও দেয়নি।” থানার বাইরে আসার পরই তাঁর সামনে আসে কয়েকজন অল্পবয়সী ছেলে। শেখর বসু বলেন, “ওই ছেলেগুলি আমাকে বলে, ‘অভিযোগ করবেন না। যার বিরুদ্ধে অভিযোগ করছেন, সে আমাদের লোক। অভিযোগ করলে আপনার ভালো হবে না।’ আমি জিজ্ঞাসা করি, আপনারা কারা? তখন তারা বলে, ‘আমরা দেবরাজ চক্রবর্তীর লোক।’ এতদিন পর তাই আমি অভিযোগ জানিয়েছি।”

রাজ্যে পালাবদলের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী প্রাক্তন পুলিশকর্তা। বলেন, “২২ জুন আবার অভিযোগ দায়ের করেছি। এখন আশা করছি, কিছু ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন, কোনও চোরকে ছাড়া হবে না, এতে আশ্বস্ত হয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *