পুরসভার পার্ক দখল করে পুজো, নির্মাণ টালায়! পুলিশে গেলেন রীতেশ - 24 Ghanta Bangla News
Home

পুরসভার পার্ক দখল করে পুজো, নির্মাণ টালায়! পুলিশে গেলেন রীতেশ

Spread the love

এই সময়: টালায় পুরসভার একটি খেলার মাঠ দখল করে সাধারণ মানুষকে ঢুকতে বাধা দেওয়া, সরকারি জমি আত্মসাৎ, বেআইনি নির্মাণ ইত্যাদি বিষয়ে টালা থানার ওসিকে অভিযোগপত্র দিলেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। গত ৩০ জুনের ওই চিঠিতে তাঁর দাবি, এই ঘটনায় দ্রুত এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে হবে। কাশীপুর-বেলগাছিয়ার এমএলএ–র কাঠগড়ায় রয়েছেন টালা প্রত্যয়ের পুজোর অন্যতম কর্ণধার ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ এবং টালা প্রগতি দুর্গাপুজো কমিটির বেশ ক’জন সদস্য। শুভ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগপত্রে রীতেশ জানান, দীর্ঘদিন ধরে মাঠটি দখল করে রেখেছে টালা প্রত্যয়। ২০১৮ থেকে ধাপে ধাপে টালা জিমখানা মাঠের প্রায় দু’বিঘা সরকারি জমিই তারা কব্জা করেছে। রীতেশের দাবি, ক্ষমতার অপব্যবহার করে আদতে কলকাতা পুরসভার ওই মাঠের প্রায় ২০০ ফুট বর্ডার ওয়াল ভেঙে সেখানে বড় লোহার গেট, গ্রিল ও স্থায়ী ক্লাবঘর তৈরি করা হয়েছে। পাশাপাশি পুরসভার ওই জমির ঠিকানা ব্যবহার করে টালা পার্ক অ্যাসোসিয়েশনের নামে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ।

জনকল্যাণমূলক কাজের জন্য জমিটি একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সেটি এখন সম্পূর্ণ ভিন্ন ও ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে দাবি। স্থানীয় বাসিন্দাদের অভাব–অভিযোগ তুলে ধরে চিঠিতে জানানো হয়েছে — বছরের অধিকাংশ সময়ে মাঠের বিভিন্ন অংশে স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করা থাকে, মালপত্র মজুত করা হয়, নানা বাণিজ্যিক এবং ব্যক্তিগত কাজও চলে। এর কোনওটির সঙ্গেই খেলাধুলার সম্পর্ক নেই। ফলে খেলাধুলো তো বটেই, এলাকাবাসীও মাঠটি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে সেখানে যেতে বাধা পান, কেউ কেউ রীতিমতো ভয়ও পান বলে অভিযোগ।

ওই চিঠিতে সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায়ের উদাহরণ টেনে বিধায়ক মনে করিয়ে দিয়েছেন যে খেলার মাঠ এবং শহরের উন্মুক্ত জায়গা সাধারণ মানুষের মৌলিক সম্পত্তি। কোনও ব্যক্তি, ক্লাব বা সংগঠন ব্যক্তিগত কাজে সেটা ব্যবহার করতে পারবে না। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তে জোর দিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে বিএনএস–এর একাধিক ধারায় মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন রীতেশ। এ ক্ষেত্রে সরকারি জমি জবরদখল, সাধারণ মানুষের অবাধ চলাচলের অধিকারে বাধা সৃষ্টি, বেআইনি নির্মাণ এবং সংগঠিত অপরাধের মতো বিষয়গুলি খতিয়ে দেখার উপরে জোর দেন তিনি।

যদিও শুভর বক্তব্য, ‘টালা প্রত্যয় বরাবরই সরকারি নির্দেশ মেনে পুজো করেছে। বিধায়ক অভিযোগে এই প্রসঙ্গ উল্লেখ করে থাকলে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *