দুর্নীতি প্রকাশ্যে আনতে শ্বেতপত্র কমিটিতে সায়, মাথায় স্বপন, বিনিয়োগ কমিটির দায়িত্বে তাপস
এ দিন মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে, মূলত পাঁচটি বিষয়ে বিগত সরকারের আমলের দুর্নীতি ও অব্যবস্থার খতিয়ান টেনে বের করবে এই কমিটি। তার মধ্যে অন্যতম হলো— রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট চক্র, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও হিংসার সামগ্রিক অভিযোগ। এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে একটি কমিশন তৈরি করেছে নবান্ন। তার পরেও ‘শ্বেতপত্র কমিটি’ শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতির শিকড়ের খোঁজ চালাবে। শিক্ষা ছাড়াও পুর ও নগরোন্নয়ন দপ্তর, স্বরাষ্ট্র এবং সমবায়-সহ সমস্ত সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় তৃণমূল জমানায় হওয়া দুর্নীতি নিয়ে আসল তথ্য সামনে আনতে চায় সেই কমিটি।