আরবের খেজুরের স্বাদ এ বার তমলুকে, চাষে নতুন দিশা দেখাচ্ছেন সুব্রত
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক গ্রামেই খেজুর গাছ দেখা যায়। শীতের সকালে খেজুর গাছের রস। তার থেকে তৈরি গুড়ের গন্ধে ম ম করে একাধিক গ্রাম। কিন্তু সেই দেশি খেজুর আর বাজারে আরবীয় আজওয়া, মেডজুল ও মরিয়ম খেজুরের মধ্যে পার্থক্য বিস্তর। উন্নতমানের ওই খেজুর এতদিন বিদেশ থেকে আমদানি করা হয়। পশ্চিম এশিয়ার মরু অঞ্চল ছাড়া এই ধরনের ফলন সম্ভব নয় বলেই ধরা হতো। সেই ধারণাতেই এ বার একটু ফাটল ধরিয়েছে তমলুকের সুব্রত। তার প্রায় ২৫ বিঘা জমিতে ড্রাগন ফল, কাঁঠাল, পেয়ারা–সহ আরবীয় খেজুরেক গাছ রয়েছে। প্রাথমিকভাবে তিনি বিভিন্ন প্রজাতির প্রায় ১০টি খেজুর গাছ লাগিয়েছিলেন। সুব্রতর কথায়, ‘বেশ কয়েক বছর আগে বাংলাদেশে গিয়ে দেখেছিলাম সেখানকার কৃষকরা আরবীয় খেজুর চাষ করছেন। তখনই মনে হয়েছিল, আমাদের এখানেও চেষ্টা করা যেতে পারে। সেই ভাবনা থেকেই নিজের জমিতে বীজ থেকে চারা তৈরি করে কয়েকটি গাছ লাগিয়েছিলাম। এখন ফলন দেখে আমিও আশাবাদী।’