বাসন মাজার স্পঞ্জ কত দিন অন্তর বদলাবেন? Ei Samay
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ব্যবহৃত একটি রান্নাঘরের স্পঞ্জে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে। মাইক্রোবায়োলজিস্টদের মতে, স্পঞ্জের অসংখ্য ছোট ছোট ছিদ্র ও স্তর বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণুর আশ্রয়স্থল হয়ে ওঠে।
বিশেষ করে কাঁচা মুরগির মাংস, মাছ, ডিম বা সব্জি রাখা বাসন পরিষ্কার করার সময় স্পঞ্জে ই-কোলাই (E. coli), সালমোনেলা (Salmonella) এবং অন্যান্য খাদ্যবাহিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জমা হতে পারে। পরে সেই একই স্পঞ্জ যদি অন্য বাসন পরিষ্কার করতে ব্যবহার করা হয়, তাহলে জীবাণু সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় ক্রস কনট্যামিনেশন।
কত দিন অন্তর বদলাতে হবে বাসন মাজার স্পঞ্জ?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, যদি প্রতিদিন প্রচুর বাসন মাজা হয়, তাহলে প্রতি ৭ দিন অন্তর স্পঞ্জ বদলে ফেলা উচিত। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ৮ থেকে ১০ দিনের মধ্যে নতুন স্পঞ্জ ব্যবহার করাই ভালো। আর যেসব বাড়িতে তুলনামূলক কম বাসন মাজা হয়, সেখানেও ১৫ দিনের বেশি একই স্পঞ্জ ব্যবহার না করাই নিরাপদ। এছাড়া স্পঞ্জ থেকে দুর্গন্ধ বের হলে, রং বদলে গেলে, পিচ্ছিল হয়ে গেলে বা ছিঁড়ে যেতে শুরু করলে সঙ্গে সঙ্গে তা ফেলে নতুন স্পঞ্জ ব্যবহার করা উচিত।
স্পঞ্জ নিয়মিত পরিষ্কার রাখাও সমান গুরুত্বপূর্ণ। বাসন মাজার পর স্পঞ্জটি ভালো ভাবে পরিষ্কার জলে ধুয়ে নিন। কয়েক মিনিট গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে নিংড়ে শুকিয়ে নিন অথবা রোদে রাখুন। কখনও দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় স্পঞ্জ ফেলে রাখবেন না। স্পঞ্জ যত শুকনো থাকবে, ততই ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনা কমবে এবং রান্নাঘরও থাকবে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ।