বাদল অধিবেশনের আগেই মোদীর মন্ত্রিসভায় রদবদল? ‘ডিলিমিটেশন’ নিয়ে জল্পনার মধ্যেই চর্চা প্রশাসনের অন্দরে
জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়ে যেতে পারে। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং প্রশাসনিক সংস্কার নিয়ে সব মন্ত্রকের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনাকেই জোরালো করেছে। কিন্তু বাদল অধিবেশনের আগে হাতে যে সময় আছে, তার মধ্যে এই রদবদল সেরে ফেলা কার্যত সম্ভব নয় বলেই মনে করছে বিজেপির অন্দর মহল এবং প্রশাসনিক আধিকারিকদের একটা বড় অংশ।
সরকারি সূত্রে খবর, সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ব্যাপারে বেশি আগ্রহী কেন্দ্রের শাসকদল। আপাতত তা নজরে রেখেই পা ফেলা হচ্ছে। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করার লক্ষ্যে গত এপ্রিল মাসে (দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলে বিধানসভা ভোটের আবহে) সংসদের বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করানোর পরিকল্পনা নিয়েছিল শাসক শিবির। কিন্তু মহিলা সংরক্ষণ আইন সংশোধনের নামে লোকসভার আসন পুনর্বিন্যাসের যে কৌশল সরকার নিয়েছিল, তাতে বিরোধীদের অসম্মতি ছিল। সংসদের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পিছু হটতে বাধ্য হয় মোদী সরকার, যা তাদের কাছে বড় ধাক্কা ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মত। এ বার যাতে সে রকম পরিস্থিতি তৈরি না হয়, আপাতত তা নিশ্চিত করাই সরকার পক্ষের একমাত্র লক্ষ্য।