সমস্যার সমাধানে ‘মুখোমুখি’ অগ্নিমিত্রা, কলকাতার পাশাপাশি উদ্যোগ অন্য পুরসভাতেও
সল্টলেকে পুর দপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ শোনার জন্য অফিসারদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন অগ্নিমিত্রা। সেখানে বসেই শুনবেন আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর এবং চন্দননগর–সহ অন্য পুর এলাকার বাসিন্দাদের সমস্যার কথা। খুব শিগগিরই এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে পুর দপ্তরের তরফে। কলকাতার পাশাপাশি অন্য পুর এলাকাতেও এই ব্যবস্থা চালু হওয়ায় সেখানকার বাসিন্দারা উপকৃত হবেন বলে দাবি পুর দপ্তরের কর্তাদের। অগ্নিমিত্রা জানান, ৪ জুলাই থেকে প্রতি শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলকাতা পুর এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ ফোন লাইন খোলা থাকবে। ভিডিয়ো কল করে জল, রাস্তাঘাট বা অন্যান্য পুর পরিষেবা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। দিতে পারবেন পুর পরিষেবা উন্নত করার প্রস্তাবও। যেহেতু অনেক বড় এলাকা নিয়ে কলকাতা পুরসভা, সে কারণেই সপ্তাহে একটি নির্দিষ্ট দিন (শনিবার) কলকাতার জন্য বরাদ্দ করা হয়েছে।