IND vs IRE : জলে গেল হর্ষিত রানার লড়াই, আয়ারল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের! | India lost to Ireland by 1 run in the second match of the t20 series
বেলফাস্ট : এতটা অধঃপতন দেখলে একটু অবাক হতে হয়। মনে প্রশ্ন জাগে, আদৌ এই দলটাই বিশ্বকাপ জিতেছিল তো? না, মানে মাস ছয়েকের মধ্যে যে দলকে এবাবে পপাত ধরণীতল হতে হবে, কে ভেবেছিল? প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের (Ireland) কাছে ৩৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচেও হার ভারতের (Indian Cricket)। তবে, এবার ব্যবধান কম। ১ রানে হারল টিম ইন্ডিয়া। চেষ্টা করেও দলকে বাঁচাতে পারলেন না হর্ষিত রানা (Harshit Rana)।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স। তিনে নেমে হ্যারি টেক্টর করলেন ৫৩ রান। বেঞ্জামিন কালিৎজ করলেন ৩৭ রান। বাকি সবাই অল্প রানের মধ্যে আউট হয়েছেন। ২০ ওভার শেষে আয়ারল্যান্ড তোলে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান। আজ অভিষেক হল প্রিন্স যাদব ও সুয়াংশ শেডগের। প্রিন্স নিলেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেলেন অর্শদীপ সিং ও শিবম দুবে। ২ ওভার বল করে ২৫ রান দিয়ে কোনও উইকেট পেলেন না সুয়াংশ।
জবাবে ব্যাটে নেমে গোল্ডেন ডাক করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ঈশান কিষান (১২), শ্রেয়স (১০) ব্যর্থ। ৩৫ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। একমাত্র তিলক ভার্মা (৫৫) ছাড়া কেউ সেভাবে রান পাননি। শেষে ১০ বলে ২১ রান করলেন হর্ষিত কিন্তু তবুও এক রানে হারল ভারত। আয়ারল্যান্ডের জয় মুন্দ্রা, লিয়াম ম্যাককার্টি নিয়েছেন ৩টি করে উইকেট।
এই হারের ফলে বিশ্বকাপ জয়ের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু করল ভারত। সূর্যকুমার যাদবকে অপসারণ করার পর শ্রেয়স আইয়ারকে অধিনায়কের হটসিটে বসানো হলেও তিনি দুই ম্যাচেই ব্যর্থ। নিয়মরক্ষার ম্যাচে ভারত জিতলেও আর সিরিজ জয় হবে না ভারতের। ২-০ হেরে ইতিমধ্যেই ভারতের হাত থেকে হাতছাড়া হয়েছে সিরিজ। এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারকে যদি ভারত ওয়েক আপ কল হিসেবে দেখে, তাহলেই তাদের জন্য মঙ্গল।