Google Maps Features: ইন্টারনেট ছাড়াই রাস্তা দেখাবে গুগল ম্যাপস! রয়েছে আরও দুর্দান্ত ৫ ফিচার, দেখে নিন | 6 Hidden Google Maps Features You Should Know, Use Maps Without Internet, Check Tolls & More
নয়া দিল্লি: বর্তমান যুগে গুগল ম্যাপস (Google Maps) আর শুধু নেভিগেশন অ্যাপ নয়। বরং এটি একটি স্মার্ট ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট। অধিকাংশ মানুষ শুধু রাস্তা খুঁজে বের করার জন্যই এই অ্যাপ ব্যবহার করেন। কিন্তু এর মধ্যে এমন অনেক প্রয়োজনীয় ফিচার রয়েছে, যা ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তোলে। অফলাইন ম্যাপ থেকে শুরু করে টোল খরচের হিসাব, কিংবা কোন জায়গায় কতটা ভিড় রয়েছে, সবই জানা যায় গুগল ম্যাপসের মাধ্যমে। আপনি কি জানেন ইন্টারনেট (Google Maps without Internet) ছাড়াই আপনি এই ম্যাপ ব্যবহার করতে পারেন। গুগল ম্যাপসে এমনই ৬টি দুর্দান্ত ফিচার সম্পর্কে জেনে নিন।
ইন্টারনেট ছাড়াই দেখুন ম্যাপ
ধরুন কোথাও যাচ্ছেন, সেই সময় যদি মোবাইলে নেটওয়ার্ক না থাকে, তাহলে ইন্টারনেট অ্যাকসেসও পাবেন না। কিন্তু, তারপরেও গুগল ম্যাপস আপনাকে সঠিক পথ দেখাতে পারে। এর জন্য আগে থেকেই যে শহর বা এলাকার ম্যাপ প্রয়োজন, সেটি ডাউনলোড করে রাখতে হবে। একবার ডাউনলোড হয়ে গেলে ইন্টারনেট ছাড়াই নেভিগেশন চালু থাকবে। পাহাড়ি এলাকা বা দুর্বল নেটওয়ার্ক এলাকায় এই ফিচার বিশেষভাবে কার্যকর।
পার্কিংয়ের লোকেশন
অনেক সময় গাড়ি পার্ক করার পর কোথায় রেখেছেন, সেটাই মনে থাকে না। গুগল ম্যাপসে সেভ পার্কিং অপশন ব্যবহার করে গাড়ি রাখার জায়গা সেভ করে রাখা যায়। চাইলে সেই লোকেশনের সঙ্গে ছবিও দেওয়া যায়,যাতে পরে সহজেই গাড়ি খুঁজে পাওয়া যায়।
জেনে নিন টোলের খরচ
বন্ধু বা পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে গুগল ম্যাপসে গ্রুপ ট্রিপ লিস্ট তৈরি করা যায়। সবাই নিজেদের পছন্দের গন্তব্য যোগ করতে পারেন। এছাড়াও যাত্রা শুরুর আগে বিভিন্ন রুটে সম্ভাব্য টোল খরচের হিসাবও দেখায় অ্যাপটি। ফলে আগে থেকেই ভ্রমণের বাজেট পরিকল্পনা করা সহজ হয়।
কোথায় কতটা ভিড়, আগে থেকেই জানুন
মল, বাজার, ক্যাফে বা পর্যটনকেন্দ্রে যাওয়ার আগে সেখানে কতটা ভিড় রয়েছে, সেটাও জানা সম্ভব। গুগল ম্যাপসের ‘পপুলার টাইমস’ ফিচার জানিয়ে দেয় দিনের কোন সময়ে কোন জায়গায় সবচেয়ে বেশি ভিড় থাকে। ফলে সুবিধাজনক সময় বেছে নিয়ে সময়ও বাঁচানো যায়।
লোকেশন হিস্ট্রি
আপনার ফোনে যদি লোকেশন হিস্ট্রি চালু থাকে, তাহলে গুগল ম্যাপসের টাইমলাইন ফিচারের মাধ্যমে দেখতে পারবেন কবে, কোথায় গিয়েছিলেন। অতীতের ভ্রমণের তথ্য এক জায়গায় সংরক্ষিত থাকে।
ইনডোর ম্যাপের সুবিধা
শুধু বাইরের রাস্তা নয়, অনেক বিমানবন্দর, মেট্রো স্টেশন এবং বড় শপিং মলের ভেতরের ম্যাপও গুগল ম্যাপসে পাওয়া যায়। ফলে নির্দিষ্ট দোকান, প্ল্যাটফর্ম বা টার্মিনাল খুঁজে পেতে আর সমস্যায় পড়তে হয় না।