Gaurab Tapadar chat controversy: প্রাক্তন প্রেমিকাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব! গৌরবের কীর্তি শুনে কী বললেন স্ত্রী প্রিয়াঙ্কা? | YouTuber Gaurab Tapadar chat controversy: Ex girlfriend Antara Dey makes explosive allegations
‘প্রেতকথা’ (Pretkatha)-খ্যাত জনপ্রিয় ইউটিউবার গৌরব তপাদার (Gaurab Tapadar)-কে নিয়ে এই মুহূর্তে তোলপাড় নেটদুনিয়া। বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখা এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুরনো অডিয়ো ক্লিপ ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁসের জেরে শুরু হওয়া এই ঘটনা এখন সোশাল মিডিয়ার সবচেয়ে বড় টক অফ দ্য টাউন।
বিতর্কের সূত্রপাত কীভাবে?
ঘটনার সূত্রপাত ঘটে গত ২৩ জুন। গৌরবের বর্তমান স্ত্রী তথা নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা তপাদার ফেসবুকে স্বামীর সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে দীর্ঘ বক্তব্য লেখেন। সেখানে তিনি স্বামীর প্রশংসা করে জানান, গৌরব তাঁকে কতটা অনুপ্রাণিত করেন। এর পরেই তিনি কারও নাম না করে প্রশ্ন তোলেন, এমন একজন পরিশ্রমী মানুষের পাশে বসে সারাদিন কোনও কাজ না করে শুধু ফোন ঘেঁটে, রিলস দেখে সময় কাটানো সম্ভব কি না? তিনি আরও লেখেন, আশেপাশে বহু মানুষ শুধু গৌরবকে নিয়ে অভিযোগই করে গেল, কেউ নিজের গুণগান গাইল না। সিম্প্যাথি গেইন করা আর কাজে নিজেকে আবদ্ধ করা যে সম্পূর্ণ আলাদা, তাও উল্লেখ করেন তিনি। এই পোস্ট ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা দে (Antara Dey)। তাঁর দাবি, এই পোস্টে সরাসরি তাঁকেই অযোগ্য বলে কটাক্ষ ও নিশানা করা হয়েছে।
পালটা জবাবে ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের কারণ তুলে ধরে মুখ খোলেন অন্তরা। আইনি বিয়ের পরেও গৌরব যে তাঁর সঙ্গে যোগাযোগ রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন, তার প্রমাণ হিসেবে কিছু চ্যাট ও অডিও ক্লিপ জনসমক্ষে আনেন তিনি। সেই অডিও বার্তায় গৌরবকে বলতে শোনা যায়, “তোকে না পেয়ে তোর সঙ্গে আমার ভালোবাসাটা অমর হয়ে গিয়েছে… তুই থাকলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকত। যেহেতু তোকে পাইনি, তাই অনুভূতি আরও স্ট্রং হয়েছে। স্ত্রীর মতোই সম্মান করি তোকে।” চ্যাটের স্ক্রিনশটে আরও দেখা যায় গৌরব লিখেছেন, “আমি প্রিয়াঙ্কাকে সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ। ওই আমার প্রথম প্রেম।” এর পরই অন্তরা আরও মারাত্মক অভিযোগ তুলে বলেন, বিয়ের পর তাঁকে শারীরিক সম্পর্কের অফার দিয়েছিলেন গৌরব। একজন মোটিভেশনাল স্পিকারের থেকে এই ধরনের আচরণ কীভাবে জাস্টিফায়েড, সেই প্রশ্নও তোলেন তিনি।
চ্যাট বিতর্ক প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার গভীর রাতে সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন গৌরব। রসিকতার ছলে তিনি লেখেন, দু বছর আগে এক রাতে ‘খারাপ মদ’ খেয়ে তিনি প্রাক্তন গার্লফ্রেন্ডকে মেসেজ করে ফেলেছিলেন। সেই পুরনো মেসেজকে অস্ত্র করে এখন সোশাল মিডিয়ায় প্রতিবাদ তুলে তাঁকে ফাঁসানো হচ্ছে। গৌরব আরও জানান, এই ঘটনার জন্য স্ত্রীর কাছে আগেই তিরস্কার এবং কান টেনে নিজেকে শুধরে নিয়েছেন। কমদামী মদ খাওয়া বা এক্সকে মেসেজ করাও বন্ধ করে দিয়েছেন। পোস্টে অন্তরাকে আক্রমণ করে তিনি লেখেন, “কে জানত এক্স এভাবে ফাঁসিয়ে দেবে! তাহলে ওর কেচ্ছাগুলো অনেক আগেই বলে দিতে পারতাম।” অন্যদিকে প্রিয়াঙ্কাও স্বামীর পোস্ট শেয়ার করে পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “মা-বাবার থেকে শিখেছি হাজার ভুল-ত্রুটির পরও হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যেতে।” তবে এরপর এমন কিছু হলে তিনি যে ‘বাঁশ’ নিয়ে পিছনে দৌঁড়বেন, সেই হুঁশিয়ারিও রসিকতার ছলে দিয়ে রেখেছেন।
তবে গৌরবের স্বভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাঁর এক ছোটবেলার বন্ধু।
গৌরব ও প্রিয়াঙ্কার এই পালটা পোস্টের পর লড়াই আরও কঠিন রূপ নিয়েছে। অন্তরা নতুন করে কিছু চ্যাট প্রকাশ করে স্পষ্ট জানিয়েছেন, পাকে যখন নামানো হয়েছে, তখন তিনিও দেখতে চান তাঁর কী কেচ্ছা আছে। সহ্যের একটা সীমা থাকে। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে আইনজীবীর পরামর্শ নিতে শুরু করেছেন। নেটিজেনরাও এখন এই ত্রিমুখী কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে দুই ভাগে বিভক্ত।