Anupam Kher meets Suvendu: কালীঘাটে পুজো দিয়ে, শুভেন্দুর বাংলা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুপম! | Anupam Kher Praises West Bengal CM Suvendu Adhikari in Kolkata After Offering Prayers at Kalighat Temple - 24 Ghanta Bangla News
Home

Anupam Kher meets Suvendu: কালীঘাটে পুজো দিয়ে, শুভেন্দুর বাংলা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুপম! | Anupam Kher Praises West Bengal CM Suvendu Adhikari in Kolkata After Offering Prayers at Kalighat Temple

Spread the love

বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) দীর্ঘ ২৬ বছর পর ফের পা রাখলেন বাংলা চলচ্চিত্রের আঙিনায়। অভিনেতা হিসেবে নয়, প্রযোজকের ভূমিকায় টলিউডে এক নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। কলকাতায় এসে একদিকে যেমন ওঁর নতুন ছবির মহরত ও নাটকের মঞ্চায়ন সম্পন্ন হয়েছে, তেমনই অন্য এক চেনা রূপে ধরা দিলেন অভিনেতা। রবিবার সকালে সোজা পৌঁছে গেলেন কলকাতার কালীঘাট মন্দিরে। সেখানে মা কালীর চরণে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন এই বর্ষীয়ান তারকা।

 

কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ খোলা মনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ওঁর সাম্প্রতিক সাক্ষাৎ নিয়ে নিজের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। অনুপম খের বলেন, “প্রথম কথা হল, আজ আমি কালীঘাটে মা কালীর মন্দিরে এসেছি। আমি প্রতি বছরই আসি, তবে এবার উৎসাহটা একটু অন্যরকম।” বহু বছর ধরেই তিনি মায়ের আশীর্বাদ নিচ্ছেন জানিয়ে এখানকার পরিবেশকে অত্যন্ত উৎসবমুখর বলে উল্লেখ করেন অভিনেতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ওঁর খুব ভালো লেগেছে এবং তিনি দারুণ আশা পেয়েছেন। এই আশা শুধু সিনেমা জগতের জন্য নয়, বরং বাংলার সাধারণ মানুষের জন্যও। মুখ্যমন্ত্রীকে অত্যন্ত কর্মঠ আখ্যা দিয়ে অনুপম খের বলেন, “উনি অত্যন্ত কর্মঠ, কিছু করতে চান এবং পরিবর্তন আনতে চান।”

কলকাতায় কাটানো গত তিন দিনের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা জানান, এখানে ওঁর সিনেমার মহরত হয়েছে, নাটকও মঞ্চস্থ হয়েছে। এই অল্প সময়ে অনেক কিছু ঘটেছে। মুখ্যমন্ত্রী ওঁর কাছে স্পষ্ট করেছেন যে, কোনও রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা এবং সেটিকে সবার সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারীর এই ইতিবাচক মনোভাব থেকে তিনিও প্রচুর পজিটিভ এনার্জি পেয়েছেন। অনুপম খেরের কথায়, “আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে, আগামী দিনে উনি পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করবেন, মানুষের জন্য অনেক কাজ করবেন।”

 

রাজ্যে নতুন নতুন বিনিয়োগ আনা প্রসঙ্গে অনুপম খের যোগ করেন, মুখ্যমন্ত্রী এখানে নতুন ব্যবসা নিয়ে আসবেন। কারণ কোনও রাজ্য বা দেশের উন্নতি তখনই সম্ভব, যখন সেখানকার মানুষের উন্নতি হয়, সেখানে ব্যবসা আসে এবং বাণিজ্যের সুযোগ তৈরি হয়। অভিনেতার স্পষ্ট বক্তব্য, “যেখানে বাণিজ্যের সুযোগ তৈরি হয় এবং সমতা বজায় থাকে, সেখানেই উন্নতি আসে। তাই আমার পুরো আশা রয়েছে যে, খুব ভালো কাজ হবে।” কলকাতার এই সফরে বলিউডের এই মেগাস্টারকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওঁর এই বৈঠক এবং বাংলার সাংস্কৃতিক জগৎ নিয়ে ওঁর ইতিবাচক মনোভাব টলিউডের জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *