বড় ব্যবধানে জেতা লক্ষ্য হ্যারিদের
এই সময়: গ্রুপ ‘এল’ এর পরস্থিতিটা এমনই যে, শনিবার শেষ ম্যাচের পরে তিনটে টিমের মধ্যে কেউ শীর্ষে শেষ করতে পারে। বিশ্বকাপে আপাতত এই গ্রুপে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ৪ পয়েন্টে। আগের ম্যাচে ইংল্যান্ডকে গোলশূন্য থামিয়ে ঘানারও পয়েন্ট ৪। তারা আছে দ্বিতীয় স্থানে। আর ইংল্যান্ডের কাছে হেরে পানামাকে হারিয়ে লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া তিন পয়েন্টে আছে তিন নম্বরে।
নক আউটে ওঠার জন্য মদ্রিচদের কাছে ঘানার বিরুদ্ধে ম্যাচটা ‘ডু অর ডাই।’ অন্য দিকে, টমাস তুচেলের ইংল্যান্ডের লক্ষ্য শুধু পানামাকে হারানো নয়, বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে শেষ করা।
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেও ঘানার ডিফেন্স ভেঙে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ইংল্যান্ডের সফল স্ট্রাইকার হ্যারি কেন। গোল্ডেন বুটের দৌড়ে মেসি–রোনাল্দো–এমবাপেদের ধরতে বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি পানামার জালে বল জড়াতে মরিয়া।
তিনি বলেছেন, ‘ঘানা ম্যাচে আমি গোল করতে পারিনি। এটা আমাকে বেশ যন্ত্রণার মধ্যে রেখেছে। আমি পানামা ম্যাচে গোল করে ঘুরে দাঁড়াতে চাই।’ শুধু হ্যারি নয়, এই টিমে রয়েছেন জুড বেলিংহ্যাম, মার্কাস র্যাশফোর্ড, বুকায়ো সাকা, ডেক্লান রাইসের মতো স্কোরারও। কোচ তুচেল তাই বড় ব্যবধানে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।