জীবন যখন শুকায়ে যায়, তখনও প্রেমের নবজোয়ার?
আমি দাবি করি, আইরিশ কবি ইয়েটসের মতো, বিকৃত নিঃসঙ্গ বৃদ্ধের ফিয়ার্স ফ্রেনজি। আমি একই সঙ্গে চাই মরুর উত্তাপ। মেরুর শৈত্য। যুগপৎ, অশ্লেষ ও শ্লেষ। শয্যা ও কণ্টক। আদর ও ঘৃণা। কখনও কখনও আমার এমনও মনে হয়েছে, মনে হয়েছে নয়, আমি নিশ্চিত, কলহ, বিচ্ছেদ, হৃদয়ের বেদন ও রুধির ছাড়া প্রেমের সম্পর্ক, এমনকী যৌনতা ও প্রাপ্তি নুন ছাড়া ডিমের মত। সম্পর্কে বেদনা না থাকলে তাতে পাক ধরে না। বিচ্ছেদদহন সম্পর্কের শত্রু নয়। পরম মিত্র। রোমান্স ও প্রেমের অবিরল খুনি বিয়ে ও অবাধ বিছানা। নষ্ট হয় উৎকণ্ঠা, অপেক্ষা, শিহরণ , সুখ। পাশ ফিরলেই যেখানে পাওয়া, ভোঁতা হয়ে যায় পাওয়ার ইচ্ছে। বিয়ে প্রেমকে করে তোলে আবশ্যিক ডিউটি। করণীয় একটি কাজ। তাই বিয়ে নষ্ট করে নিষ্ঠতা। অবিবাহিত প্রেম অন্তত বেশিদিন ধরে রাখতে পারে আগ্নেয় অন্তর। বিয়ে হরিণ করে লাভা। চিরকালের মিলন আনে কি চিরসুখ? গত জুন মাসে সে ছিল আমার। এই জুন মাসে সে অন্যের। অন্তত আমার নয়। ‘ June twice June since she breathed it with me’ , লিখেছিলেন ব্রাউনিং। এই জুন মাসে একই বাতাসে আমরা একই বাগানে শ্বাস নিয়েছিলাম। সেই থেকে জুন আমার কাছে দ্বিগুণ জুন। বিরহ, বিচ্ছেদ, বেদনা, এছাড়া প্রেম বাঁচে না।