Baahubali 3 Official Announcement: অবশেষে আসতে চলেছে ‘বাহুবলী ৩’! কী ইঙ্গিত দিলেন প্রভাস, অনুষ্কারা? | Baahubali 3 on the cards prabhas rana daggubati and anushka shettys viral video hints at sequel - 24 Ghanta Bangla News
Home

Baahubali 3 Official Announcement: অবশেষে আসতে চলেছে ‘বাহুবলী ৩’! কী ইঙ্গিত দিলেন প্রভাস, অনুষ্কারা? | Baahubali 3 on the cards prabhas rana daggubati and anushka shettys viral video hints at sequel

Spread the love

প্রভাস (Prabhas) কি ফের একবার ঢাল-তলোয়ার হাতে মাহিশ্মতীর সাম্রাজ্য রক্ষা করতে রুপোলি পর্দায় ফিরছেন? গত এক দশক ধরে যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপামর চলচ্চিত্র প্রেমীদের রাতের ঘুম উড়ে গিয়েছে, এবার বোধহয় সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সৌজন্যে, নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ক্লিপ। সদ্য মুক্তি পাওয়া ডকু-সিরিজ ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’ (Baahubali: The Torchbearer)-এর একটি বিশেষ দৃশ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিনোদন দুনিয়ায়। প্রভাস, রানা দগ্গুবতী এবং অনুষ্কা শেট্টির প্রচ্ছন্ন ইশারা দেখে ভক্তদের উন্মাদনা এখন আক্ষরিক অর্থেই আকাশছোঁয়া। নতুন করে জোরালো হয়েছে ‘বাহুবলী ৩’ (Baahubali 3)-এর জল্পনা।

বিষয়টা একটু খোলসা করে বলা যাক ডিজিটাল দুনিয়ায় এই মুহূর্তে ঝড়ের গতিতে ছড়াচ্ছে ওই ভিডিয়োটি। সেখানে দেখা গিয়েছে, সোফায় খোশমেজাজে বসে আড্ডা দিচ্ছেন ছবির মুখ্য তিন তারকা। কথা বলতে বলতে হঠাৎই রানা দগ্গুবতীকে বলতে শোনা যায়, “আমি জানি না এটা সবার সামনে বলা ঠিক হবে কি না। কিন্তু পরিচালক রাজামৌলি এবং প্রযোজক শোবু যখন এখানে নেই, তখন মনের কথাটা বলেই ফেলি। সকলে হয়তো এখনও এর জন্য প্রস্তুত নয়, কিন্তু বাহুবলী আসবে…” রানার এই রহস্যময় সংলাপ শেষ হতে না হতেই পাশ থেকে প্রভাস মুচকি হেসে নিজের হাতের তিনটি আঙুল উঁচিয়ে ধরেন। আর তা দেখেই হাসিতে ফেটে পড়েন অনুষ্কা শেট্টি। সবচেয়ে বড় চমক ছিল ক্লিপটির একেবারে শেষে, যেখানে স্ক্রিনে জ্বলজ্বল করে ওঠে একটি ইংরেজি বাক্য, “অ্যান্ড দ্য লেগ্যাসি কন্টিনিউস!”

এই সামান্য ইঙ্গিতটুকুই সিনেমা প্রেমীদের উন্মাদনার পারদ চড়াতে যথেষ্ট ছিল। নেটপাড়ার বড় অংশ তো একে অফিশিয়াল ঘোষণা হিসেবেই ধরে নিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় সিনেমার তৃতীয় পর্ব আসতে চলেছে, এটা এখন নিশ্চিত।” অন্য একজন লিখেছেন, “একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো মুহূর্ত! স্বয়ং বাহুবলী নিজের মুখে ইঙ্গিত দিলেন।” তবে ছবিটির পরিচালক এস এস রাজামৌলি বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি। ছবিটির গল্প কোন দিকে মোড় নেবে, কিংবা এটি সিনেমা হিসেবে আসবে নাকি কোনও ওয়েব সিরিজের রূপ নেবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইঙ্গিত কিন্তু অত্যন্ত ইতিবাচক।

সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ভারতীয় চলচ্চিত্রের চেনা ছকটাই বদলে দিয়েছিল। বিশ্বজুড়ে প্রায় ১,৭৮৮ কোটি টাকার ব্যবসা করে এক অনন্য নজির গড়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। গত বছরই এই দুই ছবিকে একসঙ্গে জুড়ে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে পুনরায় প্রেক্ষাগৃহে রিলিজ করা হয়েছিল। এখন দেখার, প্রভাসের এই তিন আঙুলের ইশারা সত্যিই বক্স অফিসে নতুন কোনও সুনামি নিয়ে আসে কি না!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *