Mamata Banerjee: ‘পাঁচ জন কর্মী নিয়েই একুশে জুলাই হবে’, জানিয়ে দিলেন মমতা | EX CM Mamata Banerjee Calls for July 21 Rally
কলকাতা: ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার পাত্র ছিলেন যাঁরা, আজ তাঁরাই তাঁর হাত ছেড়েছেন। পরিষদীয় রাজনীতিতে তৈরি হয়েছে নয়া তৃণমূল ব্লক। নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছেন ঋতব্রতরা। একে একে সেই দলে নাম লিখিয়েছেন ৬৫ জন তৃণমুল বিধায়ক। এই পরিস্থিতে ২১ জুলাইয়ের সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিলেন, ২১ জুলাই হবে। প্রয়োজনে পাঁচজন কর্মী নিয়ে মিটিং করবেন। আজ কর্মীদের উদ্দেশে ২১ জুলাই জমায়েতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে, নাম না করে ঋতব্রতদের ‘বেইমান’ বলে আক্রমণ করতেও ছাড়লেন না মমতা।
বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা হয়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কুণালের ফোনের মাধ্যমে কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। একুশে জুলাইয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছে। যেখানে অনুমতি দেবে সেখানেই একুশে জুলাই করব। যদি পাঁচ জন কর্মী আসে , তাই নিয়েই একুশে জুলাই হবে।”
ঋতব্রত শিবিরকেও কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, “কর্মীরা নিজেদের রক্ত দিয়ে জিতিয়েছে। আর জিতে বিশ্বাসঘাতকরা চলে গেল। ওরা নিজেদের আর ওদের পরিবার বাঁচাতে চলে গিয়েছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?ওরা বিশ্বাসঘাতকতা করল,তাই কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে। ওরা বলছে ওরা নাকি কর্মীদের বাঁচাতে গিয়েছে। ওরা কি কর্মীদের বাঁচাবে? ওদের তো এলাকাতেই ঢুকতে দিচ্ছে না কর্মীরা।”